ইউরোপিয়ান ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। এই টুর্নামেন্টে স্কটল্যান্ডের প্রতিনিধিত্বকারী দল হিসেবে ‘গ্লাসগো মুগাফিয়ানস’-এর নাম ঘোষণা করা হয়েছে।
গ্লাসগোভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক হয়েছেন তানশা বাত্রা, আর সহ-মালিক ও গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। মুগাফি গ্রুপের পৃষ্ঠপোষকতায় গড়া এই দলটির বৈশ্বিক পরিকল্পনায় বাণিজ্যিক ও ডিজিটাল সহায়তা দেবে প্রতিষ্ঠানটি।
ইটিপিএল হলো ক্রিকেট আয়ারল্যান্ড ও রুলস গ্লোবালের যৌথ উদ্যোগ। এর সঙ্গে যুক্ত আছেন অভিষেক বচ্চন, সৌরভ ব্যানার্জী, প্রিয়াঙ্কা কৌল ও ধীরাজ মালহোত্রার মতো পরিচিত ব্যক্তিত্ব।
গ্লাসগো ফ্র্যাঞ্চাইজির ঘোষণা দিতে গিয়ে অভিষেক বচ্চন বলেন, ‘এই যাত্রায় মুগাফি গ্রুপ এবং ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ইউরোপ ক্রিকেটের জন্য অন্যতম আকর্ষণীয় একটি ক্ষেত্র, যা ক্রীড়া সংস্কৃতি, বৈচিত্র্য এবং অব্যবহৃত সম্ভাবনায় সমৃদ্ধ একটি অঞ্চল।’
নিজের নতুন ভূমিকা নিয়ে গেইল বলেন, ‘গ্লাসগো মুগাফিয়ান্সের সহ-মালিকের ভূমিকায় অবতীর্ণ হওয়াটা আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা।’
উল্লেখ্য, ইটিপিএল-এর উদ্বোধনী আসর ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। গ্লাসগোসহ মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি ৩৩টি ম্যাচে অংশ নেবে।