বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে শিরোপা হারানোর পর নাড়ির টানে নিজের জন্মস্থান পুখাতোতে ফিরেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সান্তা ফে-র ছোট্ট এই শহরে কয়েক দিন কাটিয়ে হাজারো ভক্তের ভালোবাসায় সিক্ত হন তিনি। তবে বিদায়ের সময় বেছে নিয়েছেন একেবারেই ভিন্ন পথ।
শনিবার রাতে কাউকে কিছু না জানিয়েই পুখাতো ছেড়ে যান স্কালোনি। এমনকি বিদায়ের খবরও দেননি পরিচিত কাউকে। পরিবর্তে বাবা-মায়ের বাড়ির দরজায় একটি ছোট্ট চিরকুট লাগিয়ে রেখে যান তিনি। পরে পুখাতোর চ্যানেল ২ সেটি প্রকাশ করে। চিরকুটে লেখা ছিল, ‘লিও গত রাতে চলে গেছে! ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।’
বিশ্বকাপ হারার হতাশা নিয়েই জন্মশহরে ফিরেছিলেন স্কালোনি। সেখানে হাজার হাজার মানুষ তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসিয়ে দেন। পুখাতোবাসীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিও লিখেছিলেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ।
প্রায় তিন হাজার মানুষের ছোট্ট শহরটিতে গত কয়েক দিনে প্রতিদিনই শত শত ভক্ত ভিড় করেছেন তার বাবার বাড়িতে। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ ছবি তুলেছেন, আবার কেউ নিয়েছেন অটোগ্রাফ।
ছুটির সময়টাও নিজের মতো করেই কাটিয়েছেন স্কালোনি। বাইসাইকেলে করে শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় ঘুরেছেন। পাশাপাশি যে ক্লাব অ্যালামনি দে কাসিলদায় তার ফুটবলযাত্রা শুরু হয়েছিল, সেখানকার ম্যাচও দেখতে গিয়েছিলেন।
পুখাতো ছাড়ার পর স্কালোনি কোথায় গেছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি স্পেনের মায়োর্কায় ফিরেছেন। সেপ্টেম্বর পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটানোর পর পরবর্তী ফিফা উইন্ডোতে আবারও আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে তাকে। তবে আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়া চুক্তির মেয়াদ নবায়ন হবে কি না, সেটিই এখন ভক্তদের বড় অপেক্ষা।