২০১৬ সালের ২ মে, লেস্টার সিটির ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল একটা দিন। সেদিনই তারা ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে সবাইকে চমকে দিয়েছিল। এরপর এফএ কাপ জয়, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল; সবমিলিয়ে সময়টা ছিল স্বপ্নের মতো। কিন্তু সেই স্মৃতির পাশেই এখন যোগ হয়েছে তীব্র হতাশা।
প্রিমিয়ার লিগ জয়ের ১০ বছর পর মঙ্গলবার ইতিহাসের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হলো লেস্টার। হাল সিটির বিপক্ষে নিজেদের মাঠে ২-২ ড্র করে লিগ ওয়ানে অবনমন নিশ্চিত হয়েছে হামজা চৌধুরীর দলের। ম্যাচ শেষে ভক্তদের ক্ষোভে ফেটে পড়া, মালিকদের বিরুদ্ধে স্লোগান আর খেলোয়াড়দের দুয়ো; এক বিষণ্ন দৃশ্য।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নামার পর এবার আরও এক ধাপ নিচে নেমে গেল তারা। টানা দুইবার অবনমনের শিকার হয়ে তৃতীয় স্তরে নামা দলগুলোর মধ্যে জায়গা করে নিল লেস্টার।
ম্যাচে জর্ডান জেমস লুক থমাসের দুটি গোল লেস্টারকে আশার আলো দেখালেও, ওলি ম্যাকবার্নির গোলেই সব শেষ হয়ে যায়। দুই ম্যাচ হাতে রেখেও নিরাপদ অঞ্চল থেকে সাত পয়েন্ট পিছিয়ে পড়ায় অবনমন এড়ানো সম্ভব হয়নি।
ম্যাচ শেষে কোচ গ্যারি রাওয়েট বলেছেন, ‘সত্য হলো তিন বা চার ম্যাচ ধরে অবনমন হয় না, পুরো মৌসুম জুড়ে অবনমন হয়। আমাদের শিখতে হবে। আমি মনে করি ক্লাবকে মানতে হবে যে, একটি ফুটবল ক্লাবের যাত্রায় এটা সবচেয়ে ভয়াবহ অংশ।’
তিনি অতীতের সাফল্যের কথা টেনে বলেন, ‘এই ক্লাব প্রিমিয়ার লিগ জিতেছিল খুব বেশিদিন আগে নয়। ভক্ত ও ক্লাব সংশ্লিষ্ট প্রত্যেকের জন্য সেটা ছিল অসাধারণ সাফল্যের একটি মুহূর্ত। আমার মনে হয় সবাই ওই মুহূর্তটাকে অসাধারণ সাফল্য হিসেবে দেখেছিল। ঠিক তেমনই আমরা এই মুহূর্তটাকে সবচেয়ে বাজে হিসেবে হিসেবে ধরতে পারি।’
মৌসুমজুড়ে খারাপ ফর্ম, ৬ পয়েন্ট কাটা পড়া এবং শেষ ১৮ ম্যাচে মাত্র এক জয়! সবমিলিয়ে পতনটা যেন ধীরে ধীরে নিশ্চিত হয়েই এসেছিল। ২০০৯ সালের পর আবার তৃতীয় স্তরে নামল লেস্টার, আর এখন প্রশ্ন, হামজারা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে?