বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ বাঁকটা যতটা উত্তেজনাপূর্ণ হওয়ার কথা, তার আগেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মোস্তাফিজুর রহমান। সিরিজ এখনো শেষ হয়নি, কিন্তু ফোকাসটা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে মাঠের লড়াই থেকে ‘ফিজ’-এর পরবর্তী গন্তব্যের দিকে।
আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অলিখিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ঠিকই, তবে তৃতীয় ওয়ানডে শেষ হতেই মোস্তাফিজের পাকিস্তানে উড়াল দেওয়ার খবর সেই উত্তেজনায় অন্য রং যোগ করেছে।
চট্টগ্রামে ম্যাচের আগের দিনই আলোচনায় ঢুকে পড়েছে টি-টোয়েন্টি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে তাসকিন আহমেদ ও মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে বিসিবি সূত্রের তথ্য, শেষ ওয়ানডেতে খেলবেন মোস্তাফিজ। ম্যাচ শেষ করেই তিনি যোগ দেবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্স মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা। তার জন্য দুই ধাপে এনওসি দেওয়া হয়েছিল, প্রথম ধাপে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলে দেশে ফিরেছেন। দ্বিতীয় ধাপে ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত আবারও খেলবেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে। প্রথম ধাপে ৫ ম্যাচে ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
এরই মধ্যে বাংলাদেশ দল চট্টগ্রামে পৌঁছে গেছে। যাত্রাপথে বিসিবির এক ভিডিওতে দেখা গেছে, হাসিখুশি মেজাজে কারও সঙ্গে চোখ টিপে দুষ্টুমি করছেন মোস্তাফিজ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই চনমনে ফিজকে কি দেখা যাবে সিরিজ নির্ধারণী ম্যাচে? বাস্তবতা বলছে, ডাগআউটে বসে থাকার সম্ভাবনাই বেশি। চোটের কারণে প্রথম দুই ওয়ানডের একাদশেই ছিলেন না তিনি, আর দলে অতিরিক্ত পেসার হিসেবে তানজিম সাকিব ফেরায় তার খেলার সম্ভাবনা আরও কমে গেছে।
এবারের পিএসএলে ছয়জন বাংলাদেশি খেলেছেন। পেশোয়ার জালমিতে ছিলেন শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। লাহোর কালান্দার্সে মোস্তাফিজুর রহমানের সঙ্গে খেলেছেন পারভেজ হোসেন ইমন। আর রাওয়ালপিন্ডিতে ছিলেন রিশাদ হোসেন। এই ছয়জনের মধ্যে একমাত্র তামিমই কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
মোস্তাফিজ ও রিশাদ দুজনেরই এটি দ্বিতীয় পিএসএল। রিশাদ গতবার খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। আর মোস্তাফিজ ফিরেছেন ৮ বছর পর, সবশেষ ২০১৮ সালে একই দলের হয়ে খেলেছিলেন তিনি।