পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান ১১তম আসরে প্রথম হ্যাটট্রিক করলেন আলী রাজা। করাচি কিংসের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স করে নজর কেড়েছেন পেশোয়ার জালমির ১৮ বছর বয়সী এই তরুণ পেসার, যিনি ম্যাচের শেষ ওভারেই বদলে দেন দৃশ্যপট।
পিএসএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির, ২০১৬ সালে করাচি কিংসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে। এখন পর্যন্ত টুর্নামেন্টে মোট সাতটি হ্যাটট্রিক হয়েছে, যার মধ্যে পাঁচজন পাকিস্তানি ও দুইজন বিদেশি বোলার এই কৃতিত্ব দেখিয়েছেন।
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট করতে নেমে করাচি কিংস বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে তোলে ১৮২ রান। ওপেনার জেসন রয় ৫১ বলে ৮৬ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল ১১টি চার ও ২টি ছক্কা। এছাড়া আজম খান ১৯ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।
তবে ইনিংসের শেষ ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আলী রাজা। ১৯তম ওভারে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। ওভারের চতুর্থ বলে খন্দকার শাহ হিট উইকেট হয়ে আউট হন। পরের বলে শহীদ আজিজকে ফেরানোর পর শেষ বলে হাসান আলীকেও শূন্য রানে বিদায় করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই তরুণ পেসার।
পেশোয়ার জালমির হয়ে আলী রাজা ৪ ওভারে ৪১ রান দিয়ে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই পারফরম্যান্স শুধু ম্যাচেই প্রভাব ফেলেনি, বরং পুরো টুর্নামেন্টে তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।