ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করে তারা ইরানি জলসীমায় নিয়ে গেছে।
বুধবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে এ দাবি করেছে দেশটির অভিজাত এই সামরিক বাহিনী।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘জাহাজ দুটি যথাযথ অনুমতি ছাড়াই চলাচল করছিল। তারা বারবার নিয়ম লঙ্ঘন এবং নৌ-চলাচল ব্যবস্থায় কারসাজি করছিল। হরমুজ প্রণালি দিয়ে গোপনে বেরিয়ে যাওয়ার চেষ্টার সময় জাহাজগুলো সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করছিল।’
বিবৃতিতে বলা হয়, ইরানের জাতীয় অধিকার রক্ষার অংশ হিসেবে জাহাজ দুটিকে বাধা দেওয়া হয় এবং থামানো হয়।
এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আইআরজিসি তৃতীয় আরেকটি জাহাজকেও লক্ষ্যবস্তু করেছে। গ্রিসের মালিকানাধীন ওই জাহাজ বর্তমানে ইরান উপকূলে আছে।
জাহাজগুলো জব্দের বিষয়ে এখন পর্যন্ত স্বতন্ত্র কোনো উৎস থেকে নিশ্চিত হওয়া যায়নি।
তবে এর আগে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, হরমুজ প্রণালিতে বুধবার সকালে দুটি কনটেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালায় আইআরজিসি।
তথ্যসূত্র: সিএনএন