ইরানের ভূ-রাজনীতি বিষয়ে এক বিশেষজ্ঞ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি খারিজ করে দিয়েছেন, যেখানে তিনি ইরানের নেতৃত্বে ‘মারাত্মক ফাটল’ রয়েছে বলে দাবি করেছিলেন।
জর্জটাউন ইউনিভার্সিটি কাতারের অধ্যাপক মেহরান কামরাভা মনে করেন, মার্কিন প্রেসিডেন্টের এই দাবি ‘ইরানি নেতৃত্বের অবস্থান ও সংকট সম্পর্কে মারাত্মক ভুল ব্যাখ্যা’।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে নিহত হওয়ার পর তার ছেলে ও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে এখন পর্যন্ত জনসম্মুখে দেখা না গেলেও কামরাভা বিশ্বাস করেন, দেশটির নেতৃত্ব ‘এখনও যথেষ্ট সুসংহত’।
সিএনএনের বেকি অ্যান্ডারসনকে বুধবার (২২ এপ্রিল) এই বিশেষজ্ঞ বলেন, ‘আমি মনে করি, ইরানের নেতৃত্বের মধ্যে আমরা অসাধারণ সংহতি দেখছি। নতুন সর্বোচ্চ নেতা তার বাবা বা পূর্বসূরির মতো অতটা প্রভাবশালী না হলেও দেশটির নেতৃত্ব বেশ ঐক্যবদ্ধ।’
এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত সংবলিত একটি তালিকা পাঠানো হলেও তেহরানের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ওই দাবি করেন।