রাজধানীর মিটফোর্ড হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং চকবাজারে নকল প্রসাধনী বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২২ এপ্রিল) দিনভর পরিচালিত এই পৃথক অভিযানে ৩০ জন দালালকে আটকসহ মোট ১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে বিপুল নকল প্রসাধনী তৈরির উপকরণ।
মিটফোর্ড হাসপাতালে দালালবিরোধী অভিযান
র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃত্বে ও র্যাব-১০-এর সহযোগিতায় কোতোয়ালি থানাধীন মিটফোর্ড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালের সাধারণ রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে দালালচক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১৬ জনকে মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বাকি সদস্যদের অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
চকবাজারে নকল প্রসাধনী জব্দ
একই ভ্রাম্যমাণ আদালত রাজধানীর চকবাজার থানাধীন বড়কাটরা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে অবৈধভাবে নকল কসমেটিকস ও প্রসাধনী পণ্য তৈরির সময় বিপুল উপকরণ জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, নকল পণ্য তৈরির দায়ে আরমান হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কেরাণীগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল প্লানে অভিযান
এদিকে, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোনাখোলা এলাকায় যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, এনএসআই, ফায়ার সার্ভিস ও র্যাব-১০। সেখানকার ‘স্যাটেলাইট এলপিজি প্লানে’ অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম শুরু হয়েছে।
র্যাবের কঠোর বার্তা
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান জানান, জনস্বার্থে বিভিন্ন হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য এবং নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। অসাধু ব্যবসায়ী ও প্রতারকদের বিরুদ্ধে র্যাবের এই কঠোর আইনি পদক্ষেপ ও নিয়মিত অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।