৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পেছনে বড় কারিগর হিসেবে একসময় প্রশংসায় ভাসছিলেন ক্লাউদিও তাপিয়া। অখ্যাত লিওনেল স্কালোনিকে কোচ বানানোর সাহসী সিদ্ধান্তে তিনি হয়ে উঠেছিলেন ভক্তদের প্রিয় মুখ। কিন্তু সময় বদলেছে, আর সেই তাপিয়াই এখন আর্জেন্টিনার ফুটবল রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দু! এমনকি অনেকের চোখে যেন খলনায়কও।
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরুর ঠিক আগে তাপিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। দুর্নীতির তদন্ত, ঘরোয়া লিগে বিতর্কিত পরিবর্তন, এমনকি দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজন! সবমিলিয়ে চাপে পড়েছেন এএফএ সভাপতি। ৫৮ বছর বয়সী এই প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে এবার সরাসরি অবস্থান নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
গত মার্চের শেষ দিকে সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা দায়ের করা হয়। অভিযোগ, সামাজিক নিরাপত্তা খাতে প্রায় ১৩ মিলিয়ন ডলার ফাঁকি দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে দুই থেকে ছয় বছরের কারাদণ্ডের ঝুঁকিতেও আছেন তিনি।
এই ঘটনার রেশ মাঠেও ছড়িয়েছে। বুয়েনস আয়ারসে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মাঠে সম্মাননা নিতে গিয়ে নিজ দেশের সমর্থকদের দুয়োধ্বনির মুখে পড়েন তাপিয়া।
এদিকে মাঠের বাইরের এই অস্থিরতা থেকে দূরে থাকার চেষ্টা করছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। সম্প্রতি এক ম্যাচ শেষে রদ্রিগো দি পল স্পষ্ট করে বলেন, ‘আমরা এখানে শুধু ফুটবল খেলতে এসেছি, রাজনীতি বুঝি না।’ একই সঙ্গে দেশের এই পরিস্থিতিতে সবাইকে এক থাকার আহ্বানও জানান তিনি।
তবে আলোচনার আরেকটি বড় বিষয় হয়ে উঠেছে তাপিয়া ও মেসির দূরত্ব। এক সময় নিয়মিত মেসির সঙ্গে ছবি পোস্ট করলেও এখন সেই দৃশ্য খুব একটা দেখা যায় না; যা নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।
সমালোচনার বড় অংশ ঘরোয়া লিগ নিয়েও। নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই পুনর্নির্বাচিত হয়ে তাপিয়া রেলিগেশন স্থগিত করেন এবং লিগে দলের সংখ্যা বাড়িয়ে ৩০-এ নিয়ে যান।
সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে। বাণিজ্যিক লাভের কথা মাথায় রেখে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। সামনে রয়েছে হন্ডুরাস ও আইসল্যান্ডের মতো দল, যারা বিশ্বকাপে খেলবেই না। ইউরোপের শক্তিশালী প্রতিপক্ষকে এড়িয়ে এমন প্রস্তুতি শিরোপা রক্ষার পথে ঝুঁকি বাড়াতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।