দীর্ঘ হতাশার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল চেলসি। টানা ব্যর্থতা আর সমালোচনার ভেতর দিয়ে যাওয়া দলটি এফএ কাপের সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে হারিয়ে ফিরেছে জয়ের ধারায়।
সবশেষ আট ম্যাচে সাতটিতে হার! পরিস্থিতি কতটা খারাপ ছিল, সেটাই বলে দেয় এই পরিসংখ্যান। একমাত্র জয়টিও এসেছিল এফএ কাপের কোয়ার্টার ফাইনালে। সেই একই প্রতিযোগিতায় এবার আরেক ধাপ এগিয়ে নতুন আশার আলো দেখল লন্ডনের ক্লাবটি।
খারাপ পারফরম্যান্সের দায়ে চার দিন আগেই প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করা হয়। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন ক্যালাম ম্যাকফারলেন। আর তার অধীনেই প্রথম ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প লিখল চেলসি।
প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে গোলহীন থাকা, সঙ্গে পাঁচ হারের হতাশা; যা ১৯১২ সালের পর অন্যতম বাজে সময়। এই চাপ নিয়েই সেমিফাইনালে নামে দলটি। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তারা দেখিয়েছে ভিন্ন এক চেহারা।
ম্যাচের ২৩ মিনিটেই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মাঝমাঠে পাসকাল স্ট্রুজিক বল হারালে সুযোগ নেন পেদ্রো নেতো। তার দারুণ ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এটি ছিল তার ১৩তম গোল।
এরপর আর পিছনে তাকাতে হয়নি চেলসিকে। এক গোলের লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে তারা। এই জয়ে ফাইনালের টিকিট কেটে ফেলেছে দলটি, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে ম্যানচেস্টার সিটি।