অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আবারও জাতীয় দলের একাদশে জায়গা করে নিয়েছেন পেসার রিপন মন্ডল। তবে এই ম্যাচকে তার নতুন করে ‘অভিষেক’ বলা হচ্ছে না, বরং বলা যায় দীর্ঘ ৩০ মাস পর দলে ফেরা ম্যাচ।
রিপন মন্ডলের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০২৩ এশিয়ান গেমসে। সেই আসরের ম্যাচগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় তখনই একাধিক ক্রিকেটারের মতো তার নামও অভিষেক তালিকায় যুক্ত হয়ে যায়। কিন্তু এরপর দীর্ঘ সময় তিনি আর জাতীয় দলের পরিকল্পনায় ছিলেন না।
প্রায় আড়াই বছর পর আবারও ডাক পেয়েছেন তিনি। শুধু দলে ফেরা নয়, সরাসরি একাদশেও জায়গা করে নিয়েছেন এই পেসার।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিনজন পেসার নিয়ে মাঠে নেমেছে। তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম থাকবেন মূল পেস আক্রমণে, আর রিপন মন্ডল যোগ হয়েছেন তৃতীয় পেসার হিসেবে। স্পিন বিভাগে দায়িত্ব ভাগ করে নেবেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।