আসন্ন গ্রীষ্মের দল-বদলকে সামনে রেখে ইউরোপীয় ফুটবলের অন্দরমহলে আবারও গুঞ্জন! আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে ঘিরে নড়েচড়ে বসেছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সম্ভাব্য দলবদল নিয়ে ইতোমধ্যেই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কাতালান ক্লাবটি।
এর আগেও আলভারেজকে নিয়ে বার্সেলোনার আগ্রহের কথা শোনা গেছে একাধিকবার, তবে এবার বিষয়টি যেন আরও স্পষ্ট আকার নিয়েছে। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আসছে গ্রীষ্মে এই স্ট্রাইকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী? তা জানতে সরাসরি অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে কথা বলেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। যদিও পুরো বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলতে চাননি আলভারেজ নিজেই।
বার্সেলোনার আক্রমণভাগে ৩৭ বছর বয়সী লেভানডস্কির ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তায় ঢাকা। ইএসপিএন-এর দাবি, কোচ হান্সি ফ্লিক নতুন একজন ‘নাম্বার নাইন’ চেয়েছেন। আগামী মৌসুমে লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার সঙ্গে আক্রমণ ত্রয়ী গড়ার জন্য আলভারেসকে সবচেয়ে উপযুক্ত মনে করা হচ্ছে।
এদিকে, চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার আর্সেনালের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে আলভারেজকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি মনোযোগ রাখেন শুধু মাঠের খেলায়।
তিনি বলেন, ‘যখনই এরকম কোনো বিষয় সামনে আসে, প্রতিবার তা অস্বীকার বা স্পষ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। সামাজিক মাধ্যমে কী বলা হয়, সেদিকে মনোযোগ না দেওয়ার চেষ্টা করি; কারণ এগুলো মিথ্যার স্তুপে পরিণত হয়। আমার শক্তি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য সঞ্চয় করতে হবে আমাকে, আর সেটা হলো সুস্থ থাকা, যেন আমি দলকে সাহায্য করতে পারি। এসব নিয়ে খুব বেশি চিন্তা না করার চেষ্টা করি আমি; প্রতি সপ্তাহেই নতুন নতুন বিষয় সামনে আসে। এসব নিয়ে শক্তি অপচয় না করার চেষ্টা করি; আমরা মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি। আমার মনোযোগ এখন সুস্থ থাকার ওপর।’
তবে এই সম্ভাব্য ট্রান্সফার মোটেও সহজ হবে না। আর্থিক সীমাবদ্ধতা ও খেলোয়াড়কে ছাড়তে অ্যাটলেটিকো মাদ্রিদের অনিচ্ছা; দুই মিলিয়ে বার্সেলোনার জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়া আলভারেজের সম্ভাব্য ট্রান্সফার ফি হতে পারে প্রায় সাড়ে ৯ কোটি ইউরো। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০৩০ সাল পর্যন্ত, যেখানে রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো।
শোনা যাচ্ছে, তাকে ধরে রাখতে অ্যাটলেটিকো মাদ্রিদ আরও এক ধাপ এগিয়ে ২০৩২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাবও দিতে পারে। অন্যদিকে, লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের বাইরে থেকে কাজ করছে বার্সেলোনা। সবকিছু মিলিয়ে আলভারেসকে দলে ভেড়ানো তাদের জন্য বেশ কঠিন এক সমীকরণ হয়ে দাঁড়িয়েছে।