ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন চেন্নাই সুপার কিংস শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, কবে মাঠে ফিরবেন মহেন্দ্র সিং ধোনি?
দলের ভেতরে-বাইরে সবার নজর এখন এই এক নামেই আটকে। মুম্বাইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যাটিং কোচ মাইক হাসি কিছুটা আশার বার্তা দিলেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।
তিনি জানিয়েছেন, তিন সপ্তাহ ধরে কাফ ইনজুরিতে ভোগা ধোনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ফিটনেস টেস্টও পাস করেছেন তিনি, এমনকি দলের সঙ্গে সফরেও আছেন। কিন্তু তারপরও এখনো ম্যাচে নামার মতো পুরোপুরি প্রস্তুত নন।
মাইক হাসির কথায়, ‘ধোনি ভালোভাবে এগোচ্ছেন। আশা করছি দ্রুতই ফিরবেন। তবে সেটা পরের ম্যাচে নাকি তার পরের ম্যাচে, এখনই নিশ্চিত বলা যাচ্ছে না।’
ধোনির ফিটনেস নিয়ে বড় কোনো শঙ্কা না থাকলেও একটা জায়গায় বিশেষ নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং বা উইকেটকিপিং নয়, মূল চিন্তা তার দৌড়ানোর সক্ষমতা নিয়ে; বিশেষ করে ইনিংসের শেষ মুহূর্তে দ্রুত রান নেওয়ার সেই পরিচিত দক্ষতা কতটা ফিরে এসেছে, সেটাই এখন বড় প্রশ্ন।
এ কারণেই চূড়ান্ত সিদ্ধান্তটা ধোনির হাতেই ছেড়ে দিয়েছে দল। তিনি নিজে পুরোপুরি স্বাচ্ছন্দ্যবোধ করলেই তবেই মাঠে ফিরবেন; এমনটাই স্পষ্ট করে দিয়েছে চেন্নাই শিবির।
এদিকে আরেকটি বিষয়ও নজর কাড়ছে। ম্যাচের দিনগুলোতে স্টেডিয়ামেও আসছেন না ধোনি। দলের ওপর অতিরিক্ত চাপ বা অযাচিত মনোযোগ তৈরি না করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে দল থেকে পুরোপুরি দূরে নন, অনুশীলন ও টিম মিটিংয়ে নিয়মিত যুক্ত থেকে নিজের অভিজ্ঞতা দিয়ে সহায়তা করে যাচ্ছেন।