চোটে থেমে গেছে মৌসুম, কিন্তু থেমে নেই কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিগত জীবন। হ্যামস্ট্রিং চোটের কারণে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারবেন না এই ফরাসি তারকা। তবে মাঠের বাইরে সময়টা দারুণভাবেই উপভোগ করছেন, প্রেমিকাকে সঙ্গে নিয়ে।
প্রেমের গুঞ্জনে এমবাপ্পের নাম নতুন নয়। আগে ইনেস রাউ, রোজ বেরট্রাম কিংবা দানি গ্রেস আলমেইডাসহ বিভিন্ন মডেলের সঙ্গে তার সম্পর্কের খবর শোনা গেছে। এবার আলোচনায় স্প্যানিশ অভিনেত্রী এস্তের এক্সপোসিতো।
গত ২৩ মার্চ মাদ্রিদ ডার্বি দেখতে সান্তিয়াগো বার্নাব্যুতে হাজির হয়েছিলেন এক্সপোসিতো। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, অনেকদিন ধরেই তারা সম্পর্কে আছেন। এমনকি ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের পর একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন। পরে ব্যক্তিগত জেটে এক্সপোসিতোকে নিয়ে প্যারিস সফরের খবরও সামনে আসে, যেখানে একটি বিলাসবহুল হোটেলে সময় কাটান তারা।
এবার নতুন করে শিরোনামে এই জুটি। খেলা না থাকায় এক্সপোসিতোকে নিয়ে ইতালিতে ছুটি কাটাতে গেছেন এমবাপ্পে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের বেশ কিছু ছবি। সেখানে দেখা যায়, বিলাসবহুল ইয়টে সমুদ্রে ঘুরছেন তারা। পুরো দৃশ্যটাই যেন সিনেমার মতো রোমান্টিক ভাবে সাজানো হয়েছে।
ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো এই জুটির দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রেমিকা এস্তের এক্সপোসিতোকে নিয়ে ছুটি উপভোগ করে যাচ্ছেন।’
তবে এত কিছু আলোচনার পরও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এমবাপ্পে বা এক্সপোসিতো। বরাবরের মতোই বিষয়টি এড়িয়ে গেছেন তারা। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরা এড়িয়ে যাওয়া সহজ নয়, তাই এবার ধরা পড়েই গেল তাদের একসঙ্গে কাটানো রোমান্টিক মুহূর্ত।