আঙুলের চোটে হঠাৎ থেমে গেল আইপিএলের ছন্দ, ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার ফিল সল্টকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দারুণ ছন্দে থাকা এই ওপেনারকে জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে, যেখানে তার আঙুলের স্ক্যান করা হবে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর অনুরোধেই দেশে ফিরেছেন সল্ট। কেন্দ্রীয় চুক্তিতে থাকায় তার চোটের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বোর্ড। ফলে ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনায়ও কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে।
চোটের ধরন নিয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি বেঙ্গালুরু বা ইসিবির পক্ষ থেকে। তবে দ্রুত সুস্থ হয়ে আবারো দলে ফিরবেন, এমন আশাই দেখছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। টুর্নামেন্টের মাঝপথে এমন এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো দলটির জন্য বড় ধাক্কা হতে পারে।
ঘটনার সূত্রপাত গত ১৮ এপ্রিল, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে। ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান সল্ট। ইনিংসের ষষ্ঠ ওভারে বাউন্ডারি ঠেকাতে ডাইভ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে চোট পাওয়ার আগে ব্যাট হাতে ঠিকই ঝড় তুলেছিলেন তিনি, খেলেন ৬৩ রানের এক দারুণ ইনিংস।
চলতি আসরে সল্টের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। ছয় ইনিংসে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান করে দলের ব্যাটিং লাইনআপে এনে দিয়েছিলেন গতি ও আত্মবিশ্বাস।
তার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন জেকব বেথেল, কিন্তু এখনো পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। স্কোয়াডে বিকল্প হিসেবে রয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জর্ডান কক্সও।
এই মুহূর্তে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সামনে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ম্যাচে সল্টের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।