সবকিছু প্রস্তুত ছিল, সূচিও ঠিকঠাক; তবু শেষ পর্যন্ত আর হয়ে উঠল না। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে যোগ দিয়ে ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানো ও তাদের প্রেরণা দেওয়ার যে পরিকল্পনা করেছিলেন হামজা চৌধুরী, সেটি অনাকাঙ্ক্ষিত দেরির কারণে ভেস্তে গেছে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে যাওয়ার কথা ছিল এই মিডফিল্ডারের। পরিকল্পনা ছিল ক্রিকেটারদের সঙ্গে কিছু সময় কাটানো, কথা বলা এবং তাদের উৎসাহ দেওয়া। কিন্তু সময়ের হিসাব মেলেনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে ঢাকায় থাকা হামজার দুপুর দেড়টার দিকে স্টেডিয়ামে পৌঁছানোর কথা থাকলেও রওনা দিতেই দেরি হয়ে যায়। এরই মধ্যে জাতীয় দলের ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু হয়ে যায়।
অনুশীলনে কোনো ব্যাঘাত না ঘটাতে শেষ পর্যন্ত তার সেই সেশন বাতিল করা হয়। হামজাও চাননি তার উপস্থিতির কারণে প্রস্তুতিতে কোনো সমস্যা তৈরি হোক। ফলে মাঠের কাছাকাছি এসেও পরিস্থিতি বুঝে ফিরে যেতে হয় ২৮ বছর বয়সী এই ফুটবলারকে।
ফুটবলার হলেও ক্রিকেটের প্রতি হামজার আগ্রহ নতুন কিছু নয়। সাকিব আল হাসান ও তামিম ইকবাল সম্পর্কে আগে থেকেই জানাশোনা রয়েছে তার।
বিসিবি সূত্র আরও জানিয়েছে, আগের নির্ধারিত সূচি থাকায় পরদিনও ক্রিকেটারদের সঙ্গে তার দেখা হওয়ার সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে আবার বাংলাদেশে এলে নতুন করে এই সাক্ষাতের উদ্যোগ নেওয়া হতে পারে।