ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে নতুন করে অস্বস্তি বাড়ছে রিয়াল মাদ্রিদে। চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা তো আছেই, তার সঙ্গে চলতি মৌসুমে অনিয়মিত পারফরম্যান্সও তৈরি করেছে বাড়তি প্রশ্ন। ফলে ব্রাজিলিয়ান এই তারকার ভবিষ্যৎ নিয়ে স্প্যানিশ গণমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা।
আলাভেসের বিপক্ষে গোল করার পর সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকদের কাছে ক্ষমা চাইতেও দেখা গেছে ভিনিসিয়ুসকে। কিন্তু তাতেও থামেনি সমালোচনা। স্প্যানিশ টিভি শো ‘এল চিরিংগিতো’-তে সাংবাদিক হুয়ানফে সান্স সরাসরি দাবি করেছেন, রিয়ালের ড্রেসিংরুমে অস্থিরতার অন্যতম কারণ এখন ভিনিসিয়ুস।
তার ভাষায়, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রিয়ালের জন্য সেরা সিদ্ধান্ত হবে ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দিন সে ড্রেসিংরুমে বিভাজন তৈরি করেছিল এবং ক্ষমতা দখল করেছিল, অথচ কেউ তাকে থামায়নি।’
সান্স আরও বলেন, ভালো খেললে ক্লাব তার কিছু আচরণ মেনে নিত। কিন্তু ফল খারাপ হতে শুরু করায় এখন সেই আচরণই নেতিবাচকভাবে দেখা হচ্ছে।
তবে সব সমালোচনার মাঝেও রিয়াল মাদ্রিদ এখনো আশাবাদী, ভিনিসিয়ুস শেষ পর্যন্ত নতুন চুক্তিতে সই করবেন। যদিও ড্রেসিংরুমের পরিস্থিতি এবং সমর্থকদের প্রতিক্রিয়া বিষয়টিকে আরও জটিল করে তুলছে।