উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে আয়ারল্যান্ডের ফুটবল অঙ্গনে। দেশটির ফুটবলার, কোচ ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখরা একজোট হয়ে ম্যাচ বয়কটের দাবি তুলেছেন। ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ ব্যানারে প্রকাশিত ‘স্টপ দ্য গেম’ শিরোনামের এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়।
চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফুটবল দল পরিচালনার মাধ্যমে ফিফা ও ইউয়েফার নীতিমালা লঙ্ঘনের কথাও উল্লেখ করা হয়েছে।
এই চিঠিতে স্বাক্ষর করেছেন সাবেক আয়ারল্যান্ড কোচ ব্রায়ান কার, দুইবার বর্ষসেরা নারী ফুটবলার লুইজ কুইনসহ আরও অনেক পরিচিত ব্যক্তি। এছাড়া জনপ্রিয় ব্যান্ড ফনটেইনস ডি.সি., হিপ-হপ গ্রুপ নি-ক্যাপ, গায়ক-গীতিকার ক্রিস্টি মুর এবং অস্কার মনোনীত অভিনেতা স্টিফেন রিয়াও এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
চিঠিতে আয়ারল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএআই-এর চেয়ারম্যান রবার্তো লোপেসের বক্তব্যও তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনের মানবিক বিপর্যয়কে উপেক্ষা করতে পারি না। জীবনের মূল্য যেকোনো খেলার চেয়ে অনেক বেশি। আয়ারল্যান্ডের সামনে এখন সুযোগ আছে অন্যদের পথ দেখানোর।‘
আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে ইউয়েফা নেশনস লিগ। সূচি অনুযায়ী, ৪ অক্টোবর ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ইসরায়েলকে আতিথ্য দেওয়ার কথা আয়ারল্যান্ডের। এর আগে ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হোম ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আয়ারল্যান্ডের ৭৬ শতাংশ ফুটবল সমর্থক ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলার বিরোধিতা করছেন। এছাড়া গত নভেম্বরে এফএআই-এর ৯৩ শতাংশ সদস্য ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবিতে ভোট দেন।
তবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন ম্যাচ দুটি আয়োজনের পক্ষেই অবস্থান নিয়েছেন। আইরিশ টাইমসকে তিনি বলেন, ‘আমরা গাজায় ইসরায়েলি সরকারের নীতির তীব্র সমালোচনা ও বিরোধিতা করেছি। আবার হামাসের ভয়াবহ হামলারও আমরা নিন্দা জানিয়েছি। খেলাধুলা যখন রাজনীতির ময়দানে প্রবেশ করে, তখন তা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে।‘
অন্যদিকে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডেভিড কুড়েল সতর্ক করে বলেছেন, ম্যাচ বয়কট করা হলে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে আয়ারল্যান্ড।