মেজর লিগ সকারে যেন সময়কে পেছনে ফিরিয়ে নিচ্ছেন লিওনেল মেসি। বয়স ৩৮ হলেও মাঠে তার ছন্দ, গতি আর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতায় বোঝার উপায় নেই তিনি ক্যারিয়ারের শেষভাগে আছেন। টরন্টোর বিপক্ষে আবারও সেই জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসির এক গোল ও দুই অ্যাসিস্টে ইন্টার মায়ামি ৪-২ গোলে হারিয়েছে টরন্টোকে। তবে শুধু সংখ্যার হিসেবে নয়, পুরো ম্যাচজুড়ে তার প্রভাব ছিল আলাদা করে চোখে পড়ার মতো। প্রতিটি আক্রমণে ছিল তার ছোঁয়া, প্রতিটি সুযোগে ছিল ভয়ংকর উপস্থিতি।
ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত আসে লুইস সুয়ারেজের গোলে। মেসির বাড়িয়ে দেওয়া অসাধারণ এক পাস থেকে জাল খুঁজে নেন উরুগুইয়ান তারকা। সেই দৃশ্য ফিরিয়ে আনে বার্সেলোনার সোনালি দিনের স্মৃতি, যখন এই জুটি ইউরোপের রক্ষণভাগে আতঙ্ক ছড়াত নিয়মিত।
এরপর আরও এক নিখুঁত অ্যাসিস্ট করেন মেসি। তার পাস থেকেই গোল করেন সার্জিও রেগুইলন। এমএলএসে এটি ছিল রেগুইলনের প্রথম গোল, আর সেই মুহূর্তটিও আরও বিশেষ হয়ে ওঠে মেসির অবদানে।
ম্যাচের শেষদিকে নিজের নামও স্কোরশিটে তোলেন মেসি। তার গোলেই নিশ্চিত হয় ইন্টার মায়ামির বড় জয়। পুরো ম্যাচে তাকে থামানোর মতো কোনো উপায়ই খুঁজে পায়নি টরন্টো।
এই রাতটি মেসির জন্য ছিল আরও বিশেষ। এমএলএস ইতিহাসে দ্রুততম ফুটবলার হিসেবে ১০০ গোল অবদানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এই অর্জন তাকে আবারও আলাদা উচ্চতায় নিয়ে গেছে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন মেসি। আর ফুটবল ইতিহাসে নিজের গোলসংখ্যা নিয়ে পৌঁছে গেছেন অবিশ্বাস্য ৯০৭-এ।