শিরোপার লড়াইয়ে হোঁচট খাওয়ার কোনো সুযোগই নিতে চায় না ম্যানচেস্টার সিটি। তাই এভারটনের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর ব্রেন্টফোর্ডের সামনে একদম ভিন্ন রূপে দেখা গেল পেপ গার্দিওলার দলকে। আর সেই জয়ের নায়ক বনে গেছেন জেরেমি ডকু।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শুরুতে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ঝড় তোলে সিটি। ডকুর দুর্দান্ত পারফরম্যান্সে খুলে যায় ম্যাচের জট, পরে আর্লিং হলান্ড ও ওমর মারমুশ নিশ্চিত করেন দাপুটে জয়।
প্রথম এক ঘণ্টা ব্রেন্টফোর্ডের রক্ষণ ভাঙতে বেশ ভুগতে হয় স্বাগতিকদের। তবে ৬০ মিনিটে সেই অচলাবস্থা ভাঙেন ডকু। পেনাল্টি এরিয়ার বাম দিক থেকে দারুণ এক শটে বল জড়িয়ে দেন জালে। শেষ তিন ম্যাচে এটি ছিল তার চতুর্থ গোল।
গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। ছন্দহীনতায় থাকা ফিল ফোডেন মাঠে নামার পর বাড়ে গতি। যদিও তার কাছ থেকে নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন ব্রেন্টফোর্ড গোলরক্ষক কেলেহার।
৭৫ মিনিটে সিটির স্বস্তির গোলটি করেন আর্লিংহলান্ড। আঁতোয়াঁ সেমেনিওর ক্রস থেকে প্রথম শট ঠেকানো হলেও রিবাউন্ডে হিল-কিকে বল জালে পাঠান নরওয়েজিয়ান তারকা। চলতি মৌসুমে এটি তার ২৬তম লিগ গোল। যোগ করা সময়ে ওমর মারমুশ শান্ত ফিনিশে তৃতীয় গোল করলে বড় জয় নিশ্চিত হয় সিটির।
এই জয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের মাত্র দুই পয়েন্ট পেছনে উঠে এসেছে গার্দিওলার দল। ফলে আজ রোববার ওয়েস্ট হামের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি চাপ থাকছে মিকেল আর্তেতার দলের ওপর।
তবে শিরোপার নিয়ন্ত্রণ এখনও আর্সেনালের হাতেই। বাকি ম্যাচগুলো জিততে পারলে ২২ বছর পর আবারও প্রিমিয়ার লিগ ট্রফি জিতবে গুনাররা।