বাঁ-হাঁটুর চোট থেকে সেরে উঠে আবারও অনুশীলনে ফিরেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করায় সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা এখন অনেকটাই বেড়েছে।
চোটের কারণে মিরপুর টেস্টে মাঠে নামতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক। তবে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তিনি এখন দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলনে ফিরেছেন। পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্যাটিং কোচ আসাদ শফিকের অধীনে দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেছেন বাবর। পুরো সময় তাকে পর্যবেক্ষণে রেখেছেন দলের ফিজিওথেরাপিস্ট ও ট্রেনাররা।
অনুশীলনে বাবরের চলাফেরা ও ব্যাটিংয়ে কোনো অস্বস্তি দেখা যায়নি। বিশেষ করে উইকেটের মাঝে দৌড়ানোর অনুশীলনও তিনি স্বাভাবিকভাবেই সম্পন্ন করেছেন। এতে বোঝা যাচ্ছে, ৩১ বছর বয়সী এই ব্যাটার দ্রুতই শতভাগ ফিট হয়ে উঠছেন।
আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্ট, যা চলবে ২০ মে পর্যন্ত।
পাকিস্তান দলের কর্মকর্তাদের মতে, বাবরের চোট গুরুতর ছিল না। মূলত সতর্কতার অংশ হিসেবেই তাকে প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। জানা গেছে, বাবর নিজে থেকে কোনো অনুরোধ করেননি; বরং পুরো সিদ্ধান্তই নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
সম্প্রতি দারুণ ফর্মে আছেন বাবর আজম। পাকিস্তান সুপার লিগের ১১তম আসরে ৫৮৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন তিনি।