দুই ম্যাচ টানা শূন্য রানে আউট হওয়ার পর বিরাট কোহলিকে ঘিরে এবার নতুন আলোচনা-সমালোচনা। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কি তিনি এড়াতে পারবেন ‘হ্যাটট্রিক ডাক’? চলতি আইপিএলে দারুণ ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা শেষ দুই ম্যাচে ব্যাট হাতে হতাশ করেছেন সমর্থকদের।
লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুই বল খেলে আউট হওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। ফলে রায়পুরে কলকাতার বিপক্ষে ম্যাচে তার দিকে বাড়তি নজর থাকছেই।
তবে প্রতিপক্ষ শিবির থেকেও কোহলির প্রতি সম্মান কমছে না। কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ শেন ওয়াটসন বরং চান, কোহলি যেন নিজের স্বাভাবিক আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলেন।
ওয়াটসন বলেন, ‘আমরা আশা করি তিনি শুরু থেকেই আক্রমণাত্মক শট খেলবেন, যেমনটা গত ম্যাচেও করেছেন। যদিও সেই সম্ভাবনা কম, কারণ বিরাট কোহলির রুটিন সম্পর্কে সবাই জানে। তিনি অসাধারণ, তার মাঝে সেরা হওয়ার ক্ষুধা এবং প্রতিটি বলে আলো ছড়ানোর তীব্র প্রবণতা আছে। প্রথম বল থেকেই আমাদের আক্রমণে যাওয়ার বিষয়টি জানি, কারণ তিনি এমন ব্যক্তি যে অবিশ্বাস্যভাবে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যান।’
শেষ দুই ম্যাচের ব্যর্থতার আগে অবশ্য ব্যাট হাতে ভালো ছন্দেই ছিলেন কোহলি। গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৩ বলে ২৮ রান করার পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৫ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে এই চার ইনিংসের কোনোটিতেই হাফসেঞ্চুরি পাননি সাবেক ভারত অধিনায়ক।
তবুও পুরো আসরের হিসাব বলছে, এখনো বেঙ্গালুরুর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের একজন তিনি। চলতি মৌসুমে ১১ ম্যাচে তার সংগ্রহ ৩৭৯ রান। স্ট্রাইকরেট ১৬৩.৩৬ এবং গড় ৪২.১১। পাশাপাশি তিনটি হাফসেঞ্চুরিও রয়েছে তার ঝুলিতে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন ৩৭ বছর বয়সী কোহলি। তাই এখন সংক্ষিপ্ত ফরম্যাটে তাকে দেখা যায় শুধু আইপিএলেই। আর সেই মঞ্চেই আবারও নিজের ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন ভারতীয় এই ব্যাটিং মহাতারকা।