রিয়াল মাদ্রিদের সভাপতি পদ ছাড়ছেন! এমন জোর গুঞ্জনের মধ্যেই হঠাৎ সংবাদ সম্মেলনে হাজির হয়ে সব আলোচনার জবাব দিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। তবে শুধু নিজের ভবিষ্যৎ নিয়েই নয়, স্প্যানিশ ফুটবলের রেফারিং নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
নতুন নির্বাচনের ঘোষণা দিয়ে আবারও সভাপতি পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেন ৭৯ বছর বয়সী এই কর্তা। এরপরই তিনি কথা বলেন বহুল আলোচিত ‘নেগ্রেইরা দুর্নীতি’ নিয়ে। স্প্যানিশ ফুটবলের এই বিতর্কিত ইস্যুকে তিনি আখ্যা দিয়েছেন ‘ফুটবলের সবচেয়ে গুরুতর দুর্নীতির ঘটনা’ হিসেবে।
পেরেজ বলেন, ‘এটি ফুটবলের সবচেয়ে গুরুতর দুর্নীতির ঘটনা। আমি মাত্র ৭টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি লিগ শিরোপা জিতেছি। আমি ১৪টি লিগ জিততে পারতাম। বাকিগুলো আমার কাছ থেকে চুরি করা হয়েছে।’
তার এই মন্তব্যের পর স্প্যানিশ ফুটবলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘নেগ্রেইরা কেলেঙ্কারি’ নিয়ে আগে থেকেই উত্তপ্ত থাকা পরিস্থিতিতে পেরেজের বক্তব্য বাড়তি বিতর্ক তৈরি করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে শুধু রেফারিং নয়, রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমের ভেতরের আলোচিত বিষয় নিয়েও কথা বলেন পেরেজ। ভালভার্দে ও চোয়ামেনির কথিত হাতাহাতির গুঞ্জন নিয়েও প্রশ্নের মুখোমুখি হন তিনি।
এছাড়া সম্প্রতি ছড়িয়ে পড়া নিজের ক্যান্সারের খবরও সরাসরি নাকচ করেছেন রিয়াল সভাপতি। পুরোপুরি সুস্থ আছেন জানিয়ে এসবকে ‘গুজব’ বলেই উড়িয়ে দেন তিনি।