সিলেট টেস্টের প্রথম দিন শেষে পুরো আলোচনার কেন্দ্রজুড়ে ছিলেন লিটন কুমার দাস। ব্যাটিং বিপর্যয়ের দিনে তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করেই সম্মানজনক সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ব্যাট করতে নেমেই হোচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন মাহমুদুল হাসান জয়, টেস্টের ২২ ম্যাচে অষ্টম ডাক তার। এরপর তানজিদ হাসান তামিম ২৬, মুমিনুল হক ২২, নাজমুল হোসেন শান্ত ২৯ এবং মুশফিকুর রহিম ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে বড় বিপদে পড়ে স্বাগতিকরা।
মেহেদি হাসান থিতু হতে পারেননি, মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। ফলে ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। সেখান থেকেই প্রতিরোধ গড়েন লিটন দাস। প্রথমে তাইজুল ইসলামের সঙ্গে ৬০ রানের জুটি, পরে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলেন খাদের কিনারা থেকে। নবম উইকেটে শরীফুলের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে ২৭৮ রানে পৌঁছে দেন লিটন।
শেষ পর্যন্ত ১৫৯ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১২৬ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন এই উইকেটকিপার ব্যাটসম্যান। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।
বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হওয়ার পর দিনশেষে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে প্রথম দিনের খেলা শেষে এখনও ২৫১ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ নেন ৪ উইকেট। এছাড়া মোহাম্মদ আব্বাস ৩টি এবং হাসান আলি শিকার করেন ২ উইকেট।