রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্লাসিকো মানেই ছিল উত্তেজনা, লড়াই আর তারকাদের দ্বৈরথ। আর সেই দ্বৈরথের সবচেয়ে বড় নামগুলোর একজন লিওনেল মেসি।
এবার আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্যাসেমিরো। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার জানিয়েছেন, মেসিকে রাগিয়ে দেওয়ার ভয়েই তিনি মাঠে বেশি আক্রমণাত্মক হননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাসেমিরো বলেন, ‘প্রতিবার আমরা যখন একে অপরের মুখোমুখি হতাম, আমি খুব বেশি কথা বলতাম না বা বেশি চাপ দিতাম না। কারণ আমি চাইতাম না মেসি রেগে যাক।’
হাসতে হাসতে তিনি আরও যোগ করেন, ‘আমি ট্যাকল করার পরই বলতাম, ‘সরি, সরি।’ কারণ তাকে থামানো অসম্ভব। বার্সেলোনা হয়তো খারাপ খেলছে, কিন্তু তারপরও মেসি একটা গোল করবে আর দল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে।’
২০১৫ থেকে ২০২২ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ক্যাসেমিরো। এই সময়ে অসংখ্য এল ক্লাসিকোয় তিনি মেসির মুখোমুখি হয়েছেন। রিয়ালের জার্সিতে ৩৩৬ ম্যাচে ৩১ গোল ও ২৯ অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।