হোসে মরিনহোর ভবিষ্যৎ নিয়ে আবারও শুরু হয়েছে জোর আলোচনা। রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এই পর্তুগিজ কোচ. বর্তমানে বেনফিকার দায়িত্বে থাকা ৬৩ বছর বয়সী মরিনহো আগামী মৌসুমে রিয়ালের কোচ হওয়ার দৌড়ে আলোচিত নাম। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনায় আছেন তিনি।
শনিবার সংবাদ সম্মেলনে মরিনহো জানান, রিয়াল মাদ্রিদের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি। তবে তার প্রতিনিধি হোর্হে মেন্দেস ক্লাবটির সঙ্গে যোগাযোগ রাখছেন।
মরিনহো বলেন, ‘আমার ভবিষ্যৎ সম্ভবত এই সপ্তাহেই ঠিক হয়ে যাবে। বেনফিকার কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব পেয়েছি। রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাইনি। তবে কিছু একটা হচ্ছে, সেটা অস্বীকার করার উপায় নেই।’
তিনি আরও বলেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে তার কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর প্রয়োজন। এই সপ্তাহটি তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। ২০২৭ সালের জুন পর্যন্ত বেনফিকার সঙ্গে চুক্তি রয়েছে মরিনহোর। তবে চুক্তির একটি ধারায় মৌসুম শেষে দুই পক্ষ চাইলে সম্পর্ক শেষ করতে পারবে।
বেনফিকাকে নিয়েও নিজের আবেগের কথা জানিয়েছেন এই কোচ। তিনি বলেন, ‘বেনফিকা বিশাল এক ক্লাব। এখানে আসার প্রথম দিন থেকেই আমি গর্ব আর দায়িত্ববোধ অনুভব করেছি।’ এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন মরিনহো। তার অধীনে ক্লাবটি লা লিগা ও কোপা দেল রে জিতেছিল। তাই আবারও রিয়ালে ফেরার সম্ভাবনা ঘিরে বাড়ছে আগ্রহ।
রিয়ালের প্রস্তাব এলে ফিরবেন কি না, এমন প্রশ্নে অবশ্য রহস্যই ধরে রেখেছেন তিনি। মরিনহোর সংক্ষিপ্ত উত্তর ছিল, ‘যদি, যদি, যদি...।’ শনিবার মৌসুমের শেষ ম্যাচে এস্তোরিলকে ৩-১ গোলে হারিয়ে লিগ শেষ করেছে বেনফিকা। পুরো মৌসুমে অপরাজিত থাকলেও ১১টি ড্রয়ের কারণে তারা তৃতীয় স্থানে থেকে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার সরাসরি টিকিট হারিয়েছে।
তবুও এই অর্জনকে বিশেষ বলেই মনে করছেন মরিনহো। তার ভাষায়, ‘এটা আমার ক্যারিয়ারে প্রথম। আটটি লিগ শিরোপা জিতলেও কখনো অপরাজিত থাকতে পারিনি।’