বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা টেস্ট ক্রিকেটে নিজের গতি ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যেই আলাদা করে নজর কাড়ছেন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে তার আগ্রাসী বোলিং মুগ্ধ করছে ক্রিকেটবিশ্বকে। এবার নাহিদের প্রশংসা করলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।
এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে তিনবার নাহিদ রানার মুখোমুখি হয়েছেন বাবর, আর তিনবারই আউট হয়েছেন এই পেসারের বলে। চলমান সিলেট টেস্টের প্রথম ইনিংসেও নাহিদের শিকার হন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ২য় দিন শেষে সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘বর্তমানে লাল বলের ক্রিকেটে নাহিদ রানা দ্রুততম বোলারদের মধ্যে একজন। সে খুব ভালো করছে।’
শুধু গতি নয়, নাহিদের উন্নতির দিকটিও তুলে ধরেছেন বাবর। তিনি বলেন, ‘নাহিদ খুব মেধাবী ক্রিকেটার। তার গতি আছে। সে উন্নতি করছে, সামনে আরও ভালো করবে। সত্যি বলতে পিচ ভালো ছিল। বোলাররাও ভালো করেছে। তবে আমরা আরও দায়িত্ব নিতে পারতাম।’
অন্যদিকে বাবরের উইকেট নেওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন নাহিদ রানা। এই তরুণ পেসার বলেন, ‘প্রত্যেক ব্যাটারকে আউট করতেই মজা লাগে। প্রতিটি উইকেট আমার জন্য এবং দলের জন্য গুরুত্বপূর্ণ।’
টেস্ট ক্রিকেটে গতি আর আত্মবিশ্বাস দিয়ে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন নাহিদ। আর এবার বাবর আজমের মতো বিশ্বমানের ব্যাটারের প্রশংসা যেন তার পারফরম্যান্সেরই বড় স্বীকৃতি।