ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো ব্যক্তিগত বিতর্ক নয়, বরং ফুটবল আর লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েই ভক্তদের নজর কাড়লেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে নিজের আবেগের কথা অকপটে প্রকাশ করেন পরীমণি। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’। পরীমণি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’
শুধু সমর্থনেই সীমাবদ্ধ নয় তার ভালোবাসা। মেসির খেলা দেখার সময় নিজের আবেগের কথাও তুলে ধরেন এই ঢালিউড তারকা। তার ভাষায়, ‘মেসির জন্য বলতে পারেন আমি ডাইহার্ড ফ্যান। খেলা দেখার সময় মেসির পায়ে যখন বল থাকে, তখন আক্ষরিক অর্থেই আমার হার্টবিট অনেক বেড়ে যায়।’
বিশ্বকাপকে ঘিরে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের প্রতি পরীমণির এমন উচ্ছ্বাস ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্তই তার এই আবেগকে স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত বলে মন্তব্য করেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমণি। ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা বিষয় ও নিজের মতামত নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার সেই আলোচনায় যোগ হলো তার ফুটবলপ্রেমও।