বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা মানেই আনন্দ আর হতাশার মিশেল। ব্রাজিলের এবারের স্কোয়াড ঘোষণাতেও দেখা গেল সেই পরিচিত দৃশ্য। ইনজুরির কারণে আগেই বাদ পড়েছেন রদ্রিগো গোয়েস, এডার মিলিতাও এবং তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান। তবে চোটের বাইরেও কয়েকজন পরিচিত তারকার বাদ পড়া এখন বড় আলোচনার বিষয়।
সোমবার(১৮মে) দিবাগত রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছে জোয়াও পেদ্রোর বাদ পড়া। চেলসির এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।
গত মার্চের ফিফা উইন্ডোতে দলে থাকা আরও কয়েকজন ফুটবলারও এবার বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক হুগো সুজা ও বেন্তো ম্যাথিউস, ফুলব্যাক কাইকি, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও গ্যাব্রিয়েল সারা। এ ছাড়া জায়গা হয়নি রিচার্লিসন ও আন্দ্রে পেরেইরারও।
অন্যদিকে অভিজ্ঞদের সঙ্গে আক্রমণভাগে ফিরেছেন নেইমার। তার সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও রাফিনিয়া। চমক দেখিয়ে দলে জায়গা পেয়েছেন বোর্নমাউথের রায়ান এবং ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো। পাশাপাশি লুইজ হেনরিক ও ম্যাথিউস কুনহাও নিজেদের জায়গা ধরে রেখেছেন।
বাদ পড়া খেলোয়াড়দের নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, ‘এই ২৬ জনকে বেছে নেওয়া খুব কঠিন ছিল। কারণ ব্রাজিলে প্রতিযোগিতা অনেক বেশি। আমাদের সঙ্গে এক বছর থাকা কিছু খেলোয়াড় এখন হতাশ, সেটা আমি বুঝি। তাদের প্রতি দুঃখপ্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাই।’
আগামী ২৭ মে থেকে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু করবে ব্রাজিল। ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে সেলেসাওরা। একই গ্রুপে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড।