২২ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের সিংহাসনে ফিরল আর্সেনাল। শেষ বাঁশি বাজার আগেই উত্তর লন্ডনে শুরু হয়ে যায় উৎসব, আর সেই আনন্দের কেন্দ্রবিন্দুতে ছিল বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটির হোঁচট। নাটকীয় এক ড্রয়ে পেপ গার্দিওলার দলের শিরোপা স্বপ্ন ভেঙে যায়, আর তাতেই নিশ্চিত হয়ে যায় আর্সেনালের ১৪তম লিগ শিরোপা।
মঙ্গলবার দিবাগত রাতে ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য মরিয়া ছিল ম্যানচেস্টার সিটি। বলের দখল, আক্রমণ আর সুযোগ; সবকিছুতেই এগিয়ে ছিল তারা। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধেই। বোর্নমাউথের হয়ে ইলি জুনিয়র কোপি গোল করে স্বাগতিকদের এগিয়ে দিলে চাপে পড়ে যায় সিটি।
গোল হজমের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে গার্দিওলার দল। একের পর এক আক্রমণ, দারুণ কিছু সুযোগ; তবুও কাঙ্ক্ষিত গোল যেন অধরাই থেকে যাচ্ছিল। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে উত্তেজনা। শেষ মুহূর্তে আর্লিং হলান্ড গোল করে সমতা ফেরালেও সেটি আর সিটিকে রক্ষা করতে পারেনি।
এই ড্রয়ের ফলে ৩৭ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট দাঁড়ায় ৭৮। অন্যদিকে সমান ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। ফলে শেষ ম্যাচের অপেক্ষা ছাড়াই নিশ্চিত হয়ে যায় গানারদের শিরোপা জয়।
সবশেষ ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত থেকে লিগ জিতেছিল আর্সেনাল। এরপর কেটে গেছে দুই যুগেরও বেশি সময়। অসংখ্য ব্যর্থতা, সমালোচনা আর হতাশার পর অবশেষে মিকেল আরতেতার হাত ধরে আবারও শীর্ষে ফিরল ক্লাবটি। এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, বরং দীর্ঘ প্রতীক্ষার আবেগময় সমাপ্তি।
এই গল্পের আরেক নায়ক বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলা। ছোটবেলার বন্ধু আরতেতার জন্য যেন বিশেষ উপহারই এনে দিলেন তিনি। সিটিকে রুখে দিয়ে শুধু আর্সেনালের শিরোপা নিশ্চিত করেননি, নিজেদের ক্লাবের ইতিহাসেও লিখেছেন নতুন অধ্যায়।
এই ড্রয়ের সুবাদে আগামী মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করেছে বোর্নমাউথ। শুধু তাই নয়, এখন তাদের সামনে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘কঠিন এক ম্যাচ ছিল এটি। টানা ম্যাচ খেলতে গিয়ে খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি ছিল। তবুও সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে। শেষ মুহূর্তে গোল পেলেও সেটি যথেষ্ট হয়নি।’
প্রতিদ্বন্দ্বী দলের সাফল্যেও উদারতা দেখিয়েছেন এই স্প্যানিশ কোচ। আর্সেনাল ও মিকেল আরতেতাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘তারা এই শিরোপার যোগ্য এবং এটি তাদের জন্য বিশেষ এক মুহূর্ত।’