একসময় ব্রাজিল দলে নেইমার মানেই ছিল আলাদা এক রাজত্ব। মাঠে নামলেই তাকেই ঘিরে থাকত পুরো আলোচনার কেন্দ্র। তবে ২০২৬ বিশ্বকাপের আগে এসে বদলে গেছে সেই বাস্তবতা। ব্রাজিল দলে এবার নেইমার থাকছেন ঠিকই, কিন্তু আগের মতো ‘অস্পর্শনীয় নায়ক’ হিসেবে নয়, বরং অভিজ্ঞ এক সিনিয়র ফুটবলার হিসেবে।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, কোচ কার্লো আনচেলত্তি সম্প্রতি ভিডিও কলে নেইমারের সঙ্গে বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। সেখানে উপস্থিত ছিলেন কারিগরি পরিচালক রদ্রিগো কায়েতানোও। সেই আলোচনায় নেইমারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মূল একাদশে তার জায়গা নিশ্চিত নয়। এমনকি অধিনায়কের আর্মব্যান্ডও থাকছে না তার হাতে।
শুধু তাই নয়, বিশ্বকাপে পুরো মনোযোগ ধরে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সক্রিয়তা কমানোর পরামর্শও দেওয়া হয়েছে এই তারকাকে। মাঠের বাইরের চাকচিক্য ভুলে ফুটবলে মনোযোগ দেওয়ার বার্তাই পেয়েছেন তিনি।
তবে ব্যক্তিগত আলোচনায় কঠোর হলেও জনসমক্ষে নেইমারকে যথেষ্ট সমর্থনই দিচ্ছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘ওর ফিটনেস আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এই বিশ্বকাপে ও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হতে যাচ্ছে। এই ধরনের বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা ওর আছে।’
নেইমারের ভূমিকা নিয়ে আনচেলত্তি আরও বলেন, ‘আমরা নেইমারকে এই কারণে দলে রাখিনি যে ও একজন ভালো বিকল্প খেলোয়াড় হবে। আমরা ওকে বেছে নিয়েছি কারণ আমরা বিশ্বাস করি ও দলকে সাহায্য করতে পারবে। সেটা ১ মিনিটের জন্য হোক, ৫ মিনিটের জন্য হোক, ৯০ মিনিটের জন্যই হোক কিংবা কেবল একটা পেনাল্টি নেওয়ার জন্যই হোক না কেন।’
সবচেয়ে বড় বিষয় হলো, কোচের এই সিদ্ধান্ত ইতিবাচকভাবেই নিয়েছেন নেইমার। দলের প্রয়োজনে যেকোনো ভূমিকায় অবদান রাখতে প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তিনি। ২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নেইমারকে দলে ডাকলেন আনচেলত্তি।