পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুরের পর এবার সিলেটেও জয় তুলে নিয়ে সফরকারীদের ৭৮ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবারের এই ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবে। তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য অর্জন করবে। একই সঙ্গে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি।
অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় বলে উল্লেখ করেছেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের এই দুর্দান্ত জয় আমাদের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জিতে আমাদের বাঘেরা প্রমাণ করেছে, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ এখন যেকোনো দলের জন্য এক বড় শক্তির নাম। নিজেদের টেস্ট ইতিহাসে কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জেতার রেকর্ড এবারই প্রথম, যা পুরো জাতির জন্য অত্যন্ত গৌরবের।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও দেশের জন্য আরও বড় বড় গৌরব ও সম্মান বয়ে আনবে।’
এছাড়া ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ, বিসিবি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।