২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার নাম লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই মহাতারকার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যখন চলছে নানা জল্পনা, তখন কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিলেন, মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যৎ ভাবতেই পারছেন না তিনি।
সম্প্রতি কনমেবলের সঙ্গে এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, মেসিকে মাঠে খেলতে দেখাটাই বিশেষ এক অনুভূতি। তিনি এখনই এই কিংবদন্তিকে বিদায় বলার জন্য প্রস্তুত নন। ভবিষ্যৎ নিয়ে হিসাব না কষে বর্তমান সময়টা উপভোগ করতে চান আর্জেন্টাইন কোচ।
স্কালোনি বলেন, মেসি আর খেলবেন না! এমন চিন্তাই তাকে অস্থির করে তোলে। আর সেই প্রসঙ্গ টানতে গিয়ে তিনি মনে করেছেন ডিয়েগো ম্যারাডোনার বিদায়ের কথা। স্কালোনির ভাষায়, ম্যারাডোনাকে আর মাঠে দেখতে না পারার যে শূন্যতা তৈরি হয়েছিল, মেসির ক্ষেত্রেও ঠিক একই অনুভূতি কাজ করে।
আর্জেন্টিনার জার্সিতে ১৯৮ ম্যাচে ১১৬ গোল করা মেসি ইতোমধ্যেই দেশকে এনে দিয়েছেন ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা। তাই তার বিদায়ের ভাবনাটাই এখনও মেনে নিতে পারছেন না আলবিসেলেস্তে কোচ।
সাক্ষাৎকারে স্কালোনির কাছে জানতে চাওয়া হয়েছিল, যদি মেসি ও ম্যারাডোনা একসঙ্গে তার দলে খেলতেন তাহলে কী হতো? উত্তরে তিনি বলেন, কোনো কৌশল নয়, এই দুই কিংবদন্তি অবশ্যই একসঙ্গে খেলতেন। তারা নিজেদের মতো করেই মানিয়ে নিয়ে প্রতিপক্ষের জন্য ভয়ংকর এক জুটি হয়ে উঠতেন।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার অভিযান। গ্রুপ পর্বে বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
এখন পুরো আর্জেন্টিনা তাকিয়ে আছে একজনের দিকেই। ফুটবল বিশ্বেরও একই প্রত্যাশা, আরও একবার বিশ্বমঞ্চে জাদু দেখাবেন লিওনেল মেসি।