পাকিস্তানের সাবেক বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরের সামনে খুলে গেল নতুন এক দরজা। যুক্তরাজ্যের পাসপোর্ট পাওয়ার মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেছেন এই তারকা পেসার। এর ফলে এখন তিনি আইপিএলে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জাতীয়তা পরিবর্তনের বিষয়টি নিয়ে পুনরায় একটি পোস্ট শেয়ার করেন আমির। এর আগেও আইপিএলে খেলার ইচ্ছার কথা ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
৩৪ বছর বয়সী এই পেসার ব্রিটিশ নাগরিক নারজিস খানকে বিয়ে করার পর দেশটির নাগরিকত্ব লাভ করেন। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী এই ক্রিকেটার আগেই জানিয়েছিলেন, যোগ্যতা থাকলেও তিনি ইংল্যান্ডের হয়ে খেলবেন না। পাকিস্তানের প্রতিই নিজের অঙ্গীকারের কথা জানান আমির। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ খোলা রাখেন।
গত বছর পাকিস্তানের জিও নিউজের এক অনুষ্ঠানে হাজির হয়ে ভবিষ্যতে আইপিএলে খেলার সম্ভাবনার কথা বলেছিলেন এই ফাস্ট বোলার। তিনি বলেন, ‘আগামী বছরের মধ্যে আমি আইপিএলে খেলার সুযোগ পাব এবং সুযোগ পেলে কেন নয়? আমি আইপিএলে খেলব।’
আইপিএলে সুযোগ পেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে আগ্রহের কথাও জানান আমির। একই আলোচনায় পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান আহমেদ শেহজাদ বলেন, আরসিবির বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে আমিরের অভিজ্ঞতা কাজে লাগতে পারে।
উল্লেখ্য, ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৮ সালের পর থেকে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে অংশ নেননি। তবে সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিকত্ব থাকায় আইপিএলে খেলেছিলেন।