দীর্ঘ অপেক্ষা, অসহনীয় কষ্ট আর চোখভরা কান্নার পর অবশেষে আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ফিরছেন নেইমার। প্রায় তিন বছর পর সেলেসাওদের দলে ফিরেই আবেগ ধরে রাখতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম শুনে ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছেন বলেও জানান তিনি।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেয়েছেন নেইমার। স্কোয়াড ঘোষণার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। নেইমার বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি। এখানে পৌঁছানো মোটেও সহজ ছিল না।’
তিনি আরো বলেন, ‘যারা পুরো সময় আমার পাশে ছিল, মাঠে ও মাঠের বাইরে, তাদের সবাইকে ধন্যবাদ। আমার নিরাপত্তা, ফিটনেস ও যত্ন নেওয়ার জন্য যারা কাজ করেছে, এই ডাক শুধু আমার জন্য নয়, তাদের সবার জন্য।’
২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ভয়াবহ এসিএল চোটে পড়েছিলেন নেইমার। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। সেই চোটের পর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার।
তবে সব বাধা পেরিয়ে অবশেষে আবারও বিশ্বকাপ মঞ্চে ফিরছেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৯ গোল করা এই তারকা এবার নতুন স্বপ্ন নিয়ে ফিরছেন ব্রাজিল শিবিরে। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।