দীর্ঘ অপেক্ষা আর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার। কিন্তু চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই ব্রাজিলিয়ান তারকা ফরোইয়ার্ডের। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পরই নতুন করে আবারও কাফ ইনজুরিতে পড়েছেন তিনি।
তবে স্বস্তির খবর, এবার চোট ততটা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহেই ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবেন নেইমার। বুধবার সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব জানান, নেইমারের ডান পায়ের কাফে ২ মিলিমিটারের একটি ফোলা ধরা পড়েছে। যদিও এই ইনজুরি বিশ্বকাপ প্রস্তুতিতে বড় কোনো বাঁধা হবে না বলেই মনে করছেন তারা।
ব্রাজিলিয়ান ক্রীড়া মাধ্যম ‘জি’–কে জোগাইব বলেন, ‘নেইমারের ছোট ধরনের কাফ ইনজুরি হয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী, সে আগামী সপ্তাহেই জাতীয় দলে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবে।’
বর্তমানে নিজের ব্যক্তিগত স্টাফদের নিয়ে সান্তোস ট্রেনিং সেন্টারে চিকিৎসা নিচ্ছেন নেইমার। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের চিকিৎসকরাও নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
মাত্র দুই দিন আগেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দলে জায়গা দিয়েছিলেন নেইমারকে। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, চূড়ান্ত দল ঘোষণার আগেই এই ইনজুরি নিয়ে আনচেলত্তির কোচিং স্টাফদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারের খেলা নিয়ে শঙ্কা ছিল।