আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার প্রায় দুই বছর পর আবারও জার্মান দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে ম্যানুয়েল নয়্যারের জন্য। সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত জার্মানির চূড়ান্ত স্কোয়াডে দেখা যেতে পারে ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষককে।
আজ বৃহস্পতিবার (২১ মে) কোচ জুলিয়ান নাগেলসমান দল ঘোষণা করতে পারেন, আর সেখানে নয়্যারের নাম থাকাই হতে পারে সবচেয়ে বড় আলোচনার বিষয়। ২০২৪ ইউরোর পর জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের আগে সিদ্ধান্ত বদলে আবারও দেশের জার্সিতে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে।
ফেরার সুযোগ পেলে এটি হবে নয়্যারের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। পাশাপাশি জার্মানির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ডও গড়তে পারেন তিনি। এর আগে তিনি ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন, যেখানে ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
চলতি বছরের শুরুতে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করেছিলেন নয়্যার। অন্যদিকে কোচ নাগেলসমান এতদিন অলিভার বাউমানকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা করছিলেন। বাউমানও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে জায়গা শক্ত করেছিলেন। তবে নয়্যারের সম্ভাব্য প্রত্যাবর্তনে এখন পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।
জার্মান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নয়্যার দলে ফিরলে বাউমানকে হয়তো মূল একাদশের জায়গা ছেড়ে দিতে হতে পারে। স্কোয়াডে তিনজন গোলরক্ষক থাকলে আলেক্সান্ডার নুবেল বা জোনাস উরবিগের মধ্যে একজন বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে।
৪০ বছর বয়সী এই গোলরক্ষক সদ্য শেষ হওয়া মৌসুমেও বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন এবং ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিও করেছেন। তার অভিজ্ঞতা ও ফর্ম জার্মান দলে আবারও তাকে গুরুত্বপূর্ণ বিকল্প করে তুলেছে।
তবে নয়্যারের প্রত্যাবর্তন নিয়ে ফুটবল বিশ্বে চলছে মিশ্র আলোচনা। একদিকে তার অভিজ্ঞতাকে বড় শক্তি হিসেবে দেখছেন অনেকে, অন্যদিকে বয়স ও ফিটনেস নিয়ে রয়েছে প্রশ্ন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তিনি কতটা ধারাবাহিক থাকতে পারবেন, সেটাই এখন বড় কৌতূহল।