বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালকে এতদিন দেখা গেছে ওপেনিংয়ে ভরসার প্রতীক হিসেবে। তবে সময়ের সঙ্গে বদলেছে তার পরিচয়ও। এখন তিনি মাঠের ক্রিকেটার নন, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে কাজ করছেন। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই পরিবর্তনের গল্প জানিয়েছেন তামিম।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। ২০২৩ সালে সবশেষ মাঠে নেমেছিলেন। প্রায় দুই বছর পর আবারও ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তামিম। কিন্তু গত বছরের ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই বদলে যায় সব পরিকল্পনা।
পরিবারের কথা চিন্তা করেই ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তামিম। তিনি বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হওয়াই আমার ক্রিকেট প্রশাসনে আসার মূল কারণ। গত বছর যখন জাতীয় দলে ফেরার চেষ্টা করছি, তখনই হৃদরোগে আক্রান্ত হই। ভাবলাম, আমার ক্রিকেটজীবন শেষ। এরপরও যদি খেলতাম, তাহলে আর বড়জোর দুই-এক বছর। পরিবারের দেখভালের বিষয় ছিল। হয়তো আমি খেলায় ফেরার জন্য প্রস্তুত ছিলাম না।’
তবে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে যাননি তিনি। নতুন ভূমিকায় এখন খেলোয়াড়দের জন্য ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করাকেই নিজের লক্ষ্য হিসেবে দেখছেন তামিম। তার ভাষায়, ‘ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং করা এখন আমার কাজ নয়। আমি এখন আর ব্যাটিং-বোলিং করতে পারব না। তবে খেলোয়াড়দের জন্য সম্ভাব্য সেরা সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারব। যাতে তারা দুই-তিন শতাংশ উন্নতি করতে পারে। সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছি।’
আগামী মাসে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথাও আগেই জানিয়েছেন তামিম। সবমিলিয়ে ক্রিকেটার হিসেবে নয়, এবার প্রশাসক হিসেবেই বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ সময় দেখা যেতে পারে তাকে।