বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের জন্য গত শুক্রবার (২২ মে) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তিনটি ক্যাটাগরি মিলিয়ে মোট ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়েছে ৩৩টি। বাকি ৬টি মনোনয়নপত্র আর জমা দেওয়া হয়নি।
জেলা ও বিভাগ ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১) সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কয়েকটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা না থাকায়। এই ক্যাটাগরিতে ১৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ১৪টি। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনটি করে, বরিশাল থেকে দুটি এবং রাজশাহী, রংপুর ও সিলেট থেকে একটি করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
এর মধ্যে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একটি করে আসনের বিপরীতে একজন করেই প্রার্থী থাকায় যাচাই-বাছাইয়ে টিকে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন মীর শাহরুল আলম সীমান্ত, মির্জা ফয়সাল আমিন ও কাইয়ুম চৌধুরী।
অন্যদিকে সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরিতে (ক্যাটাগরি-৩)ও দেখা গেছে একই চিত্র। একটি আসনের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন মাত্র একজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এই ক্যাটাগরিতে একক প্রার্থী হিসেবে রয়েছেন।
সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২)। এখানে মনোনয়নপত্র কেনা ১৮ জনই শেষ পর্যন্ত জমা দিয়েছেন। এই ক্যাটাগরিতেই নির্বাচনে অংশ নিচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ফলে নির্বাচনের অন্যতম আলোচিত নাম এখন তিনিই।