বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পরিবারে এসেছে নতুন আনন্দের খবর। তৃতীয়বারের মতো বাবা হয়েছেন দেশের এই সাবেক ক্রিকেটার। আশরাফুল ও তার স্ত্রী আনিকার ঘর আলোকিত করে এসেছে দ্বিতীয় পুত্রসন্তান।
শুক্রবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সুখবরটি জানান আশরাফুল। এক আবেগঘন পোস্টে তিনি জানান, রাত ১০টা ৩৫ মিনিটে তাদের পরিবারে নতুন অতিথির আগমন হয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করে আশরাফুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তা'আলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।’

নতুন সন্তানের আগমনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। আশরাফুল লেখেন, ‘আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।’
পোস্টের শেষদিকে সবার কাছে সন্তানদের জন্য দোয়াও চেয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তিনি লেখেন, ‘আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল। “আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।” (সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য)।’