ইউরোপা লিগের ফাইনালে ভাঙা আঙুল নিয়ে মাঠে নেমেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সেই খবর সামনে আসার পর আর্জেন্টিনায় কিছুটা উদ্বেগও তৈরি হয়েছিল। বিশ্বকাপ শুরুর মাত্র এক মাসেরও কম সময় আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
এবার জানা গেছে নতুন তথ্য, যেখানে বলা হচ্ছে ২০২২ বিশ্বকাপজয়ী ও সাম্প্রতিক ইউরোপা লিগের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অন্তত দুইটি ম্যাচে খেলতে পারবেন না। তবে আর্জেন্টিনার জন্য স্বস্তির বিষয় হলো, এই দুই ম্যাচের কোনোটিই বিশ্বকাপের ম্যাচ নয়।
জাতীয় দলের সংবাদদাতা গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, চিকিৎসা পরীক্ষায় দেখা গেছে এমির আঙুলে সামান্য ফাটল রয়েছে। তবে এতে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ধারণা করা হচ্ছে প্রায় ২০ দিনের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগেই তিনি শতভাগ ফিট হয়ে যাবেন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন। অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্কালোনির দলের যাত্রা।
আঘাত থেকে সেরে ওঠার কারণে কিছু ম্যাচে তাকে পাচ্ছে না তার ক্লাব অ্যাস্টন ভিলা। মৌসুমের শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তিনি খেলতে পারবেন না। পাশাপাশি আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচগুলোতেও থাকবেন না এই গোলরক্ষক।
প্রস্তুতি ম্যাচের সূচি অনুযায়ী, ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচে মার্তিনেজকে পাওয়া যাবে না। তবে বিশ্বকাপের মূল আসর শুরু হওয়ার আগেই তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার বিষয়ে এখন আর কোনো শঙ্কা নেই।