আগামী শনিবার ও মঙ্গলবারের প্রীতি ম্যাচ সামনে রেখে গতকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটিতে দলের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন হলেও কোচ লিওনেল স্কালোনির ভাবনার বড় জায়গা হয়ে আছে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি বা চোট।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর দলটি পৌঁছায় ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার’-এ। মেজর লিগ সকারের দল স্পোর্টিং কানসাস সিটির ব্যবহৃত এই ভেন্যুতেই শুরু হয় আর্জেন্টিনার অনুশীলন। গরম আবহাওয়ার মধ্যেও খেলোয়াড়রা প্রথমে জিমে এবং পরে মাঠে অনুশীলন করেন।
সব খেলোয়াড়দের নিয়ে এটি ছিল প্রথম সেশন। তাই অনুশীলনের তীব্রতা কিছুটা কম রাখা হয়। কোচিং স্টাফও বাড়তি সতর্কতা অবলম্বন করেছে, যাতে বিশ্বকাপের আগে নতুন কোনো ইনজুরি দলে সমস্যা তৈরি না করে।
যদিও ডাক পাওয়া ২৬ জন ফুটবলারই গত রোববার ক্যাম্পে যোগ দিয়েছেন, তবু প্রীতি ম্যাচগুলোতে কয়েকজন তারকা খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা রয়েছে কোচ স্কালোনির।
ইনজুরির তালিকায় সর্বশেষ নাম লেয়ান্দ্রো পারেদেসের। বোকা জুনিয়র্সের হয়ে উনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে তাকে সুস্থ করে তোলাই এখন দলের প্রধান লক্ষ্য।
এছাড়া গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্টিনেজও চোট নিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন। ইউরোপা লিগের ফাইনালের আগে বাম হাতের একটি আঙুলে ফাটল ধরা পড়ে তার।
ওয়ান্ডার বয় নিকো পাজ এখনও পুরোপুরি সুস্থ নন। অন্যদিকে ক্রিস্টিয়ান রোমেরো ও হুলিয়ান আলভারেজ পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন। বিশ্বকাপ শুরুর আগেই তাদের ফিট হয়ে ওঠার আশা করছে দল।
চোটে ভুগছেন নিকোলাস গঞ্জালেস, গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনাও। এ কারণেই সম্ভাব্য বিকল্প হিসেবে সান্তিয়াগো বেলত্রান, অগুস্তিন গিয়াই, নিকোলাস কাপাল্দো, নিকোলাস দোমিঙ্গেস, মাতিয়াস সুলে, মাক্সিমো পেরোনে ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকে প্রস্তুত রেখেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। তারা সবাই ৫৫ জনের প্রাথমিক দলে ছিলেন।