ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পা রেখেছে ব্রাজিল। বিশ্বকাপ মিশন শুরুর আগে নিউ জার্সির দ্য রিজ হোটেলে উঠেছে সেলেসাওরা। সেখানে পৌঁছানোর পরই বাংলাদেশ সময় ভোর ৩টায় প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের এই যাত্রা শুধু আরেকটি বিশ্বকাপ অভিযান নয়, বরং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর লড়াই। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি সেলেসাওরা। তাই এবার যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের লক্ষ্য স্পষ্ট, ষষ্ঠ শিরোপা ঘরে তোলা।
কোচ কার্লো আনচেলত্তির অধীনে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দলটিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা বেশ উঁচুতে। যদিও এবারের আসরে ব্রাজিলকে এককভাবে সবচেয়ে বড় ফেভারিট ধরা হচ্ছে না, তবুও শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়েই প্রস্তুতি শুরু করেছে তারা।
যুক্তরাষ্ট্রে পৌঁছে আনচেলত্তি জানান, বিশ্বকাপে বেশ কয়েকটি শক্তিশালী দল ট্রফি জয়ের দৌড়ে থাকবে। তবে ব্রাজিল ইতিবাচক মানসিকতা নিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে এবং নিজেদের সেরা ফুটবল খেলতে প্রস্তুত।
এদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ব্যস্ত থাকায় পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিউনোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। তাদের যোগ দেওয়ার পর এখন আনচেলত্তির হাতে পূর্ণাঙ্গ ২৬ সদস্যের স্কোয়াড রয়েছে।
বিশ্বকাপ শুরুর আগে নিউইয়র্ক রেড বুলসের ব্যবহৃত কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে প্রস্তুতি চালাবে ব্রাজিল। টুর্নামেন্টে নামার আগে মিশরের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সেলেসাওরা।
আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’-এর ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিলের সামনে এবার শুধু গ্রুপ পর্ব পেরোনোর চ্যালেঞ্জ নয়, আছে ইতিহাসের দায়ও। সমর্থকদের চোখে এখন একটাই প্রশ্ন, যুক্তরাষ্ট্রের মাটিতে কি শেষ হবে দুই দশকের বেশি সময়ের অপেক্ষা?