বিশ্বকাপের মাঠে শুধু শিরোপার লড়াই নয়, দলগুলোর বাজারমূল্য নিয়েও চলছে বড় আলোচনা। ব্যক্তিগত মূল্যে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা কিলিয়ান এমবাপ্পেরা আলাদা করে আলোচনায় থাকেন। তবে সব ফুটবলারদের মোট মূল্য বিবেচনায় আর্জেন্টিনা ও পর্তুগালকে পেছনে ফেলে সবচেয়ে দামি দল হিসেবে শীর্ষে রয়েছে ফ্রান্স।
ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এমবাপ্পেদের ফ্রান্স দলের মোট মূল্য ১৩২ কোটি পাউন্ড। ভারতীয় মূল্যে যা প্রায় ১৬ হাজার ৯৫৫ কোটি টাকা। ফ্রান্সের সবচেয়ে দামি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তার মূল্য ১৭.৩ কোটি পাউন্ড বা প্রায় ২২২০ কোটি টাকা।
দামি দলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। হ্যারি কেইনদের বিশ্বকাপ দলের মোট মূল্য ১১৩ কোটি পাউন্ড বা প্রায় ১৪ হাজার ৫১২ কোটি টাকা। ইংল্যান্ড দলের সবচেয়ে দামি ফুটবলার জুড বেলিংহ্যাম। তার মূল্য প্রায় ১২.২ কোটি পাউন্ড বা ১৫৫৪ কোটি টাকা।
তৃতীয় স্থানে রয়েছে লামিন ইয়ামালের স্পেন। বিশ্বকাপের দামি দলের তালিকায় প্রথম পাঁচে আছে পর্তুগাল ও জার্মানি। এই দলগুলোর মোট মূল্য যথাক্রমে প্রায় ১৪ হাজার কোটি টাকা, ১১ হাজার ৩০০ কোটি টাকা এবং ১১ হাজার ৭৮ কোটি টাকার কাছাকাছি।
ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে। পাঁচ বারের বিশ্বজয়ীদের এ বারের দলের মূল্য প্রায় ১০ হাজার ১২৪ কোটি টাকা। অন্যদিকে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে অষ্টম স্থানে। মেসির দলের মূল্য প্রায় ৯ হাজার ৯০ কোটি টাকা। দক্ষিণ আমেরিকার দুই শক্তিধর দেশের মাঝখানে সপ্তম স্থানে আছে নেদারল্যান্ডস, যাদের দলের মূল্য প্রায় ৯ হাজার ৩০০ কোটি টাকা।
প্রথম ১০টি দলের মধ্যে রয়েছে নরওয়ে ও বেলজিয়ামও। নবম স্থানে থাকা নরওয়ে দলের মোট মূল্য প্রায় ৬ হাজার ৬৭২ কোটি টাকা। ১০ নম্বরে থাকা বেলজিয়ানদের মোট মূল্য প্রায় ৬ হাজার ২৭ কোটি টাকা।
আয়োজক দেশগুলোর মধ্যে প্রধান আয়োজক আমেরিকা রয়েছে ১৮ নম্বরে। তাদের দলের মোট মূল্য প্রায় ৪২০০ কোটি টাকা। অন্য দুই আয়োজক দেশ কানাডা ও মেক্সিকো তুলনামূলকভাবে পিছিয়ে। কানাডা দলের মূল্য প্রায় ২২৫৪ কোটি টাকা, তারা রয়েছে ২৬ নম্বরে। ঠিক পরেই ২৭ নম্বরে মেক্সিকো, তাদের দলের মোট মূল্য প্রায় ২১৬০ কোটি টাকা।
এশিয়ার সবচেয়ে দামি দল জাপান, তারা রয়েছে ২২ নম্বরে। জাপান দলের মোট মূল্য প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা। এশিয়ার আরেক ফুটবল শক্তি দক্ষিণ কোরিয়া রয়েছে ৩৩ নম্বরে, তাদের দলের মূল্য প্রায় ১৫৮০ কোটি টাকা।
এই তালিকার একেবারে নিচে রয়েছে জর্ডন। এ বারের বিশ্বকাপে সবচেয়ে কম দামি দল তাদের। জর্ডন দলের মোট মূল্য প্রায় ২১৭ কোটি টাকা।
বিশ্বকাপের মাঠে শেষ পর্যন্ত মূল্য নয়, পারফরম্যান্সই আসল কথা। তবুও এই তালিকা দেখিয়ে দিচ্ছে, ফুটবলের বিশ্ববাজারে কোন দল কতটা শক্তিশালী আর কোন দেশের খেলোয়াড়রা কতটা বড় বিনিয়োগে পরিণত হয়েছেন।