বিশ্বকাপের আগেই আবারও আলোচনায় মেসি-রোনালদো বিতর্ক। আর্জেন্টিনাকে খোঁচা দিয়ে উরুগুয়ের সাবেক অধিনায়ক দিয়েগো লুগানো দাবি করেছেন, কাতার বিশ্বকাপে লিওনেল মেসি যেভাবে পেনাল্টি সুবিধা পেয়েছিলেন, এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও তেমন সুবিধা পেতে পারে।
ইএসপিএন-এর একটি অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পথে কোন দলগুলো বড় বাধা হতে পারে, এমন প্রশ্নে প্রথমে ব্রাজিলের নাম বলেন লুগানো।
তিনি বলেন, ‘মনে হয় ব্রাজিল... তাদের নিয়ে অনেক কথা হচ্ছে। ল্যাটিন আমেরিকার দলগুলোর মধ্যে তাদের নিয়েই প্রত্যাশা সবচেয়ে বেশি এবং তারা ধীরে ধীরে নিজেদের চেনা ছন্দে ফিরছে। তাই নিঃসন্দেহে আমি ব্রাজিলকে বেছে নেব।’
তবে পর্তুগাল প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন সাবেক এই ডিফেন্ডার। লুগানো বলেন, ‘আমি পর্তুগালকে একটু বেশি এগিয়ে রাখব। কারণ কাতার ২০২২ বিশ্বকাপে মেসি যেভাবে পেনাল্টি পেয়েছিল, এবার ক্রিস্টিয়ানো রোনালদোও তেমন পেনাল্টি সুবিধা পাবে। এটাই বাস্তবতা। তা ছাড়া পর্তুগাল দলটির গুণগত মানও চমৎকার। এই সব রসদ আর ইতিবাচক শক্তি মিলিয়ে এবার তাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পাওয়া পেনাল্টি নিয়ে লুগানো আগেও প্রশ্ন তুলেছিলেন। ২০২৩ সালের মে মাসে এক রেডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, আর্জেন্টিনার পাওয়া ৫টি পেনাল্টির মধ্যে ৪টিই ছিল জোরপূর্বক দেওয়া।
আর্জেন্টিনাকে খোঁচা দিলেও নিজের দেশ উরুগুয়ে নিয়ে আশাবাদী লুগানো। বর্তমান কোচ মার্সেলো বিয়েলসার অধীনে দলটি আন্তর্জাতিক অঙ্গনে ভালো অবস্থানে যাবে বলে মনে করেন তিনি।
এবারের বিশ্বকাপে উরুগুয়ে খেলবে এইচ গ্রুপে। আগামী ১৫ জুন মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মিশন শুরু হবে। এরপর ২১ জুন কেপ ভার্দে এবং ২৬ জুন স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে।