বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে এবার বড় কোনো উত্তাপ না থাকলেও ভোটের মাঠে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ থেমে নেই। মিরপুরের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করার কথা রয়েছে। এরপর নির্বাচিত প্রতিনিধিদের একটি বৈঠকও হওয়ার কথা থাকলেও সেখানে ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে না বলেই জানা গেছে।
২৩টি পরিচালক পদের মধ্যে ভোটের আগেই আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আজ ভোট হবে মাত্র ১৫টি পদে। এ কারণেই সংশ্লিষ্ট অনেকের চোখে এবারের নির্বাচন অনেকটাই সাদামাটা। তবে ভোটারদের একটি অংশ মনে করছেন, ফল ঘোষণার সময় বড় চমক না এলেও এক-দুই জায়গায় হিসাব পাল্টে যেতে পারে।
ব্যালটযুদ্ধে নামতে হয়নি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে। ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নিলেও গতকাল বিসিবি কার্যালয়ের মিডিয়া বিভাগে গিয়ে নিজের পরিকল্পনাও সাজিয়ে এসেছেন সিরাজউদ্দিন। তার মতো ঢাকা বিভাগের এস এম আবদুল্লাহ আল ফুয়াদও ভোটের আগেই পরিচালক নির্বাচিত হয়ে বিসিবিতে উপস্থিত ছিলেন।
১৯২ জন ভোটারের মধ্যে ভোটদানের আগ্রহ প্রকাশ করেন ১৮৪ জন। তবে জেলা-বিভাগ ক্যাটাগরির ৭১ জন ভোটারের মধ্যে মাত্র ১৮ জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের ভোটেই খুলনা থেকে দুজন এবং বরিশাল থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকাসহ অন্য পাঁচ বিভাগ থেকে এরই মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি নজর বরিশাল বিভাগে। বিপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আস্থাভাজন হলেও লড়াইয়ে পিছিয়ে নেই আরেক প্রার্থী মুনতাসির আলমও। তাই বরিশালের ফল নিয়েই তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
তবে বরাবরের মতো এবারের নির্বাচনেও মূল আকর্ষণ ঢাকার ক্লাব ক্যাটাগরি। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। তামিম, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাসসহ আলোচিত প্রার্থীরা এই ক্যাটাগরিতেই ভোটের মাঠে আছেন।
গুঞ্জন আছে, ৮-১০ জনের পরিচালক হওয়া অনেকটাই নিশ্চিত। নিজেদের মধ্যকার সমঝোতার মাধ্যমেই ভোটের মাঠকে প্রভাবিত করা হয়েছে বলেও আলোচনা রয়েছে। তবে ভোটারদের একাংশ বলছেন, শেষ কথা বলবে ব্যালটই। নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন, ‘আমাদের কাছেও এমন আনুষ্ঠানিক বার্তা আছে যে নির্দিষ্ট ৮-১০ জনকে ভোট দিতে হবে। তবে কাকে ভোট দেব, এটা তো শেষ পর্যন্ত আমরাই নির্ধারণ করব। আগামীকাল (আজ) ফল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, কিছুটা চমক আসবে বলেই আশা করছি।’
এদিকে সবমিলিয়ে ৪১ জন ভোটার অনলাইনে, অর্থাৎ ই-ভোট দেবেন বলে ব্যালটপত্র নিয়েছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির আছেন তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন। নির্বাচন উপলক্ষে আজ বিসিবিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ক্রিকেট বোর্ডের কোন নির্বাচনে এমন নজির নেই।