মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে চলছে বিসিবির বোর্ড নির্বাচন। রোববার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হলেও দিনের শুরুতে ভোটের গতি ছিল ধীর। প্রথম ভোট পড়তে সময় লাগে প্রায় ৪৫ মিনিট।
তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী পরিবেশে কিছুটা প্রাণ ফেরে। এরইমধ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেওয়া তামিম সকাল ১১টা ৩৫ মিনিটে ভোট দেন।
একই সময়ে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেনও। তিনি ক্যাটাগরি-১ এ নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের বিসিবি নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ক্লাব ক্যাটাগরির লড়াই নিয়ে। কারণ ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক। তাদের মধ্যে ৭ জনই এসেছেন ক্যাটাগরি-০১ থেকে, যারা আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করেন। আরেকজন নির্বাচিত হয়েছেন ক্যাটেগরি-৩ থেকে, যেখানে সাবেক অধিনায়ক, ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত।
তবে ভোটের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার সঙ্গে রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।
এদিকে ৪১ জন ভোটার ই-ভোটের জন্য ব্যালট নিয়েছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন রয়েছেন।
সব মিলিয়ে ভোটের শুরুটা ধীর হলেও বিসিবি নির্বাচনের মূল আগ্রহ এখন ক্লাব ক্যাটাগরির ফল ঘিরে। বিশেষ করে তামিম ইকবালের প্রার্থিতা এই নির্বাচনে বাড়তি নজর তৈরি করেছে।