২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের স্বপ্নভঙ্গের ম্যাচে মাঠে ছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে বদলি হিসেবে নেমে ৪৯ মিনিট খেলেছিলেন তিনি। সেই ফ্রান্স যখন আরেকটি বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে নামতে যাচ্ছে, তখন কামাভিঙ্গার সময় কাটছে মাঠের বাইরে।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের জন্য ফ্রান্সের স্কোয়াডে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের। ক্লাবের জার্সিতে গত মৌসুমটা প্রত্যাশামতো কাটেনি তার। রিয়ালের হয়ে বেশিরভাগ সময় বেঞ্চেই থাকতে হয়েছে ২৩ বছর বয়সী এই ফরাসি ফুটবলারকে। জাতীয় দলেও তার পারফরম্যান্স কোচ দিদিয়ের দেশমের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
সর্বশেষ মার্চে ফ্রান্সের হয়ে প্রীতি ম্যাচ খেলেছেন কামাভিঙ্গা। এরপর বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় মৌসুম শেষের বিরতিটা তার জন্য হয়ে উঠেছে এক ধরনের অবসর। তবে এই ফাঁকা সময়কে শুধু বিশ্রামে কাটাতে চান না তিনি। বরং নিজের ভবিষ্যতের জন্য সময়টা বিনিয়োগ করছেন পড়াশোনায়।
ফরাসি এই তরুণ তারকা ভর্তি হয়েছেন হার্ভার্ড বিজনেস স্কুলের বিনোদন ও ক্রীড়া বিভাগের কোর্সে। আজ রোববার নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে কামাভিঙ্গা লিখেছেন, ‘কিছুদিন শিক্ষা, শ্রবণ ও বেড়ে ওঠায় কাটুক।’
বোস্টনের উপশহর ক্যামব্রিজে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আর ফ্রান্স দল বিশ্বকাপে ঘাঁটি করেছে ওয়ালথামে অবস্থিত বেন্টলি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যা হার্ভার্ড থেকে ৮ কিলোমিটার দূরে। তাই কামাভিঙ্গা চাইলে একই এলাকায় থেকে পড়াশোনার পাশাপাশি সতীর্থদের বিশ্বকাপ মিশনও কাছ থেকে উপভোগ করতে পারবেন।
১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে এমবাপ্পে-ডেম্বেলেদের ফ্রান্স। মাঠে না থাকলেও কামাভিঙ্গার জন্য এই বিশ্বকাপ তাই একেবারে দূরের নয়। তবে এবার তাঁর লড়াই সবুজ মাঠে নয়, ক্লাসরুমে; নিজেকে নতুনভাবে গড়ে তোলার পথে।