টানা চারটি বিশ্বকাপের ফল সঠিকভাবে অনুমান করার পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানিয়েছে ইএ স্পোর্টস। ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানটির সর্বশেষ সিমুলেশনে শিরোপাজয়ী দল হিসেবে উঠে এসেছে স্পেন।
২০১০ সাল থেকে বিশ্বকাপ ঘিরে ধারাবাহিকভাবে পূর্বাভাস দিয়ে আসছে ইএ স্পোর্টস। তাদের সিমুলেশন অনুযায়ী ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। চারটি আসরেই তাদের অনুমান শেষ পর্যন্ত বাস্তব ফলের সঙ্গে মিলে যায়।
এবারও সেই একই পদ্ধতিতে ২০২৬ বিশ্বকাপ নিয়ে সিমুলেশন চালিয়েছে প্রতিষ্ঠানটি। খেলোয়াড়দের পরিসংখ্যান, দলের বর্তমান ফর্ম, কৌশলগত প্রবণতা এবং সামগ্রিক শক্তিমত্তা বিশ্লেষণ করেই এই পূর্বাভাস তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
ইএ স্পোর্টসের কর্মকর্তারা বলেছেন, ‘আমরা টানা চারবার সঠিক ভবিষ্যদ্বাণী করেছি। এবারও আমরা সিমুলেশন চালিয়েছি। পরের চ্যাম্পিয়ন? স্পেন।’
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ জুলাই।
স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও দেখা হচ্ছে। দলটিতে অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়। তাই ইএ স্পোর্টসের এই পূর্বাভাস নতুন করে আলোচনায় এনেছে স্পেনকে।
তবে ফুটবল মাঠের বাস্তবতা সবসময় সিমুলেশনের মতো হয় না। তবুও টানা চার বিশ্বকাপে সঠিক অনুমানের কারণে ইএ স্পোর্টসের এই ভবিষ্যদ্বাণী ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।