বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর সেই সময়ের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলারের চোট সারাতে এবার ব্যবহার করা হচ্ছে নাসার প্রযুক্তি থেকে তৈরি বিশেষ এক যন্ত্র।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ডান পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে একটি বিশেষ অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিল ব্যবহার করছেন নেইমার। শনিবার এই যন্ত্রে অনুশীলনও করেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
এই ট্রেডমিলের বিশেষত্ব হলো, এটি শরীরের ওজনের একটি অংশ কমিয়ে দেয়। এতে ইনজুরিগ্রস্ত স্থানে চাপ কম পড়ে এবং খেলোয়াড় তুলনামূলক কম ঝুঁকিতে দৌড়ানোর সুযোগ পান। বিশ্বের অনেক ক্রীড়াবিদ এক দশকেরও বেশি সময় ধরে পুনর্বাসন প্রক্রিয়ায় এই প্রযুক্তি ব্যবহার করছেন।
নেইমারের শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়নের জন্য আজ সোমবার নতুন করে ইমেজিং পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার ফলের ওপরই নির্ভর করবে তার পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা।
মেডিক্যাল টিম সবুজসংকেত দিলে নেইমার দলের সঙ্গে শারীরিক অনুশীলনে ফিরবেন। এরপর ধীরে ধীরে বল নিয়ে অনুশীলনের অনুমতি দেওয়া হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে তার চোটের উন্নতির গতির ওপর।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, নেইমারের অবস্থা নিয়ে তারা আশাবাদী। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা এখনো নিশ্চিত নয়, তবু ব্রাজিল শিবিরের বিশ্বাস, দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা সময়মতো সুস্থ হয়ে উঠতে পারবেন।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। তার আগে নেইমারের ফিটনেস রিপোর্টের দিকেই তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।